খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভৈরব নদ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবতীর (২৫) মৃতদেহ উদ্ধার। গতকাল বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি পুলিশ ক্যাম্পের দক্ষিণ পাশের শাবুতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ ভেসে আসে। ভৈরব নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরবতীতে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে লাশটি উদ্ধার করে এবং লাশটির ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ওই মৃত দেহের উচ্চতা অনুমানিক ৫ ফুট ২ ইঞ্চির, গায়ের রং-শ্যামলা বর্ণের, শারিরিক গড়ন মধ্যম, পড়নে কালো বোরকা ও লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না ছিল।
সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিপুন বোস বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব নদের তীর থেকে অজ্ঞাত এ যুবতীর মরদেহ উদ্ধার করেছি এবং মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহৃ আছে কি না, বা কি কারনে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যাচ্ছে না।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী বলেন, এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। লাল রঙের সালোয়ার ও বোরখা পরিহিতা যুবতীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে হতে পারে। দেখে সচ্ছল্য পরিবারের সদস্য মনে হচ্ছে। পরিচয় উদঘাটনের জন্যে দেশের সবগুলো থানায় ছবি প্রেরণের প্রস্তুতি চলছে। কেহ অজ্ঞাত মহিলাকে চিনতে পারলে দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অফিসার ইনচার্জ ০১৩২০-১৪০২৩৩, ডিউটি অফিসার ০১৩২০-১৪০২৩৮)।
– আসাদ, দিঘলিয়া











































