নড়াইলের লোহাগড়ায় সম্পত্তি ও ব্যাংকের গচ্ছিত টাকা আত্মসাতের চেষ্টায় বোনকে সঙ্গে নিয়ে স্বামী কবির হোসেনকে (৬০) হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী শোভাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শোভা কালিয়া উপজেলার কলেজ রোড এলাকার আক্কাস সরদারের মেয়ে ও নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের কবির হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় কবিরের মেয়ে বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের কবির হোসেন লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ায় দ্বিতীয় স্ত্রী শোভা কবির ও তার বোন ইভা খানমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্বামী কবির হোসেনের সম্পত্তি ও ব্যাংকে জমা টাকা স্ত্রী শোভার নামে নেওয়ার জন্য তারা দুই বোন প্রায়ই বিভিন্নভাবে চেষ্টা করে আসছিল।
চেষ্টায় ব্যর্থ হয়ে তারা গত বছর ১০ নভেম্বর কবিরকে লোহাগড়ার ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গ্রামের বাড়িতে নিয়ে দ্রুত দাফনের চেষ্টা করে। বিষয়টি কবির হোসেনের প্রথম পক্ষের মেয়ে ফারজানা লোহাগড়া থানাকে অবহিত করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় লোহাগড়া থানায় নিয়মিত মামলা গ্রহণ না করায় নিহতের মেয়ে ফারজানা বাদী হয়ে গত ১৭ নভেম্বর নড়াইলের আমলি আদালতে নালিশি মামলা দায়ের করেন। আদালত দরখাস্তটি হত্যা মামলা হিসেবে এফআইআর করার জন্য লোহাগড়া থানাকে নির্দেশ দেন।
লোহাগড়া থানা গত ৭ মার্চ মোসা. শোভা কবির (৩৫) ও তার বোন ইভা খানমসহ (২৫) অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা রেকর্ড করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস রায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শোভা কবিরকে পিতার বাড়ি কালিয়া থেকে আটক করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃত শোভাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
-লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি










































