Home আঞ্চলিক খেলা শুরুর পর জানা গেল আম্পায়ার করোনা পজেটিভ

খেলা শুরুর পর জানা গেল আম্পায়ার করোনা পজেটিভ

16

খুলনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ড। খেলা শুরুর প্রথম দিনেই সোমবার করোনা শনাক্ত হয়েছে খুলনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের।

খুলনা ভেন্যুর  দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ এ তথ্য জানিয়েছেন। খেলা শুরুর কিছুক্ষণ পর তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাইফুলের পরিবর্তে নতুন করে দায়িত্ব পালন করার জন্য মাঠে যোগ দিয়েছেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লীগের প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয় খুলনা-সিলেট। এই খেলার জন্য রোববার ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সবার করোনা টেস্ট করা হয়। সকাল ৯টার মধ্যেই ড্রেসআপ করে মাঠে নামেন সাইফুল ইসলাম জুয়েল। সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হয়। ৯টা ৪৫ মিনিটের দিকে সবার করোনা টেস্টের রিপোর্ট হাতে আসে। তখন দেখা যায় সাইফুল করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ সাংবাদিকদের বলেন, সাইফুল ইসলাম বর্তমানে আইসোলেশনে আছেন। মঙ্গলবার আবারও তার নমুনা নেওয়া হবে। পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

– স্টাফ রিপোর্টার