স্বাস্থ্য বিভাগের অনুমতি না নিয়েই ২০২০ সালের মাঝামাঝি যাত্রা শুরু হয় মণিরামপুরের রাজগঞ্জ মর্ডান হসপিটাল নামে একটি ক্লিনিকের। শুরু থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করা, রোগী ভর্তি, সিজার ও অপারেশন কার্যক্রম চালাতে থাকে ক্লিনিক কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অনভিজ্ঞ লোকজন দিয়ে সিজার করিয়ে লাখলাখ টাকা হাতিয়ে নিতে থাকেন পাঁচ সদস্যের ক্লিনিক মালিক। সিভিল সার্জনের নজর এড়িয়ে স্থানীয় কয়েকটি চক্রকে ম্যানেজ করে রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে চলতে থাকে ক্লিনিকটির কার্যক্রম। ভাড়া করা একটি দোতলা ভবনের উপরের তলায় চলে সিজারসহ অপারেশনের কাজ। সেখানে রয়েছে রোগীদের জন্য ১০টি বেড। আর নিচ তলায় চলে প্যাথলজি বিভাগ ও জরুরি সেবা । ক্লিনিক খুলে রোগী ভর্তি ও সিজারসহ নানা কাজ চালাতে থাকলেও ক্লিনিক অনুমোদনের জন্য আবেদন করেননি মালিকপক্ষ। দীর্ঘদিন এভাবে বিনা বাধায় ক্লিনিকটি চলতে থাকলেও বিপত্তি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি। ওইদিন বিকেলে স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে রাজগঞ্জ মর্ডান হসপিটালে ভর্তি করেন ওই বাজারের ভাঙাড়ি ব্যবসায়ী আনোয়ার হোসেন। এরপরপরই সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। জন্মের পরেই গুরুত্বর অসুস্থ নবজাতককে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। কয়েকঘন্টাপর রাত সাড়ে নয়টার দিকে শিশুটির মৃত্যু হয়। অভিযোগ ওঠে অনুমোদনহীন ক্লিনিকটিতে নেই কোন অজ্ঞান বা সিজার করা ডাক্তার;এমনকি জরুরি সেবার জন্য একজন মেডিকেল অফিসারও।
নামমাত্র অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে নিয়মিত রোগীর সিজার হয় সেখানে।বিষয়টি জানাজানি হলে এই নিয়েগত ৯মার্চ ‘দৈনিক খুুলনাঞ্চল’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। তখন বিষয়টি নজরে আসে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিনের। শনিবার (২০ মার্চ) বিকেলে তিনি ক্লিনিকটিতে অভিযান চালান। সবকিছু পর্যবেক্ষণ শেষে তিনি অপারেশন ও প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন।মর্ডান হসপিটালের পরিচালক আমিরুজ্জামান ক্লিনিকের অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ১০ শয্যা বিশিষ্ট ক্লিনিকের কার্যক্রম চালাচ্ছিলাম। অনুমোদনের জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। আপাতত অপারেশনের কাজ বন্ধ আছে।
কিছু কাগজপত্র হাতে পেলে আবার চালু করতে বলেছেন সিভিল সার্জন।ডা. শেখ আবু শাহীন বলেন, কাগজপত্র না থাকায় রাজগঞ্জ মর্ডান হসপিটালে অভিযান চালিয়ে অপারেশন ও প্যাথলজির কাজ বন্ধ করা হয়েছে। তবে তারা জরুরি সেবা দিতে পারবেন। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু বলেন, উপজেলায় ১৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। যারমধ্যে মনোয়ারা ক্লিনিক, রোকেয়া ক্লিনিক, দি প্যাথ ও সেবা ডায়াগনস্টিক সেন্টার চলার অনুমোদন রয়েছে। বাকিগুলোর মধ্যে পাঁচটিতে সম্প্রতি অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় লোকবল না থাকায় অন্যসবগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। রাজগঞ্জের মর্ডান ক্লিনিক, সেভ ডায়াগনস্টিক এবং বাঁকড়া পারবাজার সার্জিকাল ক্লিনিকের কোন লাইসেন্স নেই।
–মণিরামপুর (যশোর) প্রতিনিধি











































