সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে শুরু হওয়া আন্দোলনে আড়াইশ’র মতো নিহত এবং নিরাপত্তা বাহিনীর ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারে রাতভর বিক্ষোভ দেখিয়েছে সামরিক শাসনবিরোধীরা।
দেশটির অনেক অঞ্চলে সাআলোক প্রজ্জ্বলন কর্মসূচি করেছে তারা। মান্দালয়ে সূর্যোদয়ের আগে ভোরের বিক্ষোভে কয়েকশ মানুষ অংশও নিয়েছেন। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে আন্দোলনকারীরা অবশ্য নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন উপেক্ষা করে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন।
বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে ইয়াংগন, কাচিন, কাওথংসহ বেশ কয়েকটি শহর থেকে রাতের বেলায়ই প্রায় ২০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এশিয়ার বিভিন্ন দেশ ও পশ্চিমা দেশের সরকাররা এসব ঘটনার কড়া নিন্দা জানিয়ে আসছে।
শনিবারও দেশটির বিভিন্ন এলাকায় জান্তাবিরোধী বিক্ষোভে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে এবারের অভ্যুত্থানবিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ২৪৭ এ দাঁড়াল বলেও জানিয়েছে তারা।
এশিয়ার এ দেশটি এর আগেও প্রায় ৫ দশক সেনাশাসন ছিল। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের আগে প্রায় এক দশক দেশটিতে গণতন্ত্রের চর্চা ছিল।
–খুলনাঞ্চল ডেস্ক











































