ডানেডিনে কিউই বোলারদের তাণ্ডবে ১৩১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। অথচ একই পিচে পরে ব্যাট করেও ৮ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অসহায় আত্মসমর্পণের পর পেসার তাসকিন আহমেদ বলেছেন, শুরুতে ২৬০-২৭০ রান হলে হেরে যাওয়া এই ম্যাচটি অন্যরকমও হতে পারতো!
ম্যাচশেষের সংবাদ সম্মেলনে অবশ্য ব্যাটিং ব্যর্থতাকেই ঘুরে-ফিরে আনলেন তাসকিন, ‘দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিংয়ের শুরুটা আমাদের ভালো হয়নি। যদি আমরা ২৬০-২৭০ রান করতাম, তাহলে গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু আমরা ততটা ভালো ব্যাটিং করতে পারিনি। মাত্র ১৩২ রান নিয়ে কিছু করার থাকে না আসলে। রান ২৬০-২৭০ হলে আমরা (বোলাররা) আক্রমণাত্মক হতে পারতাম।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাসকিন অবশ্য বলেছেন তাদের প্রস্তুতিতে কোনও ঘাটতি ছিল না, ‘আমরা এখানে আসার পর কোয়ারেন্টিন শেষে ভালো প্রস্তুতি নিয়েছি। আমি আবারও বলছি, ২৬০-২৭০ হলে লড়াই করা যেতো। ১৩১ বা এ ধরনের স্কোরে হারাটাই সহজ।’
এর আগে কোনও সফরেই নিউজিল্যান্ডের মাটিতে জয় পায়নি বাংলাদেশ। তার ওপর চলমান সিরিজের শুরুটাও ভালো হয়নি। কিন্তু সামনের দুটি ম্যাচ নিয়ে আশার কথাই শোনাচ্ছেন তাসকিন, ‘অবশ্যই সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, আরও দুটা ম্যাচ বাকি। তবে নিউজিল্যান্ডের মতো কন্ডিশন আমাদের জন্য আসলেই কঠিন। এখানে কোনও ম্যাচ জিতিনি। তবে আশা করছি, দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারবো।’
নিউজিল্যান্ড আজ সব বিভাগেই ছিল অসাধারণ একটি দল। তাসকিনও মনে করেন নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে খেলতে হলে ভালো করতে হবে সব বিভাগেই, ‘প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ব্যাট-বলে সব বিভাগেই আমাদের ভালো করতে হবে। কারণ নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সব সময়ই শক্তিশালী দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট-ই খেলতে হবে।’
-স্পোর্টস ডেস্ক











































