নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামে মৃত নায়েব আলী ফকিরের বসতঘরে আগুন লেগে প্রতিবন্ধী ছেলে বাবর ফকিরের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের নায়েব আলী ফকিরের বসতঘরে আগুন লাগে। ঘরের মধ্যে থাকা নায়েব আলীর ছেলে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী বাবর ফকিরের চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় বাবরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের মধ্যে থাকা বাবরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আগুনে টিনের ঘরসহ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
লোহাগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, ধারণা করা হচ্ছে- মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। ঘরের সব মালামাল পুড়ে গেছে। এ সময় ঘরের মধ্য থেকে আগুনে পুড়ে মারা যাওয়া প্রতিবন্ধী বাবরের লাশ উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
– লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি










































