Home জাতীয় দেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

7

দেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত হয়েছে বলে বুধবার জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন (ধরন) নিয়ে গবেষণা করছেন এবং এ পর্যন্ত ১০ জনকে পেয়েছেন। তারা ইউরোপ থেকে আগত।’

রাজধানীর বিসিপিএস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। তাদের আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে, হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ থেকে আগত প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ লোক চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে গেছেন। তারা স্বাস্থ্যবিধি না মেনেই এসব করেছেন৷ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। গত এক মাসে এক কোটি মানুষ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

‘করোনা নিয়ন্ত্রণে রাখতে উৎপত্তিতে নজর দিতে হবে। টিকা নিলেই করোনামুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে নিয়ন্ত্রণ নেয়া যাবে না। অত বেড (হাসপাতালে) আমাদের নেই। কোনো দেশেরই নেই,’ বলেন মন্ত্রী।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আগের ২৪ ঘণ্টায় ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৫ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২৪ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৭৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭.৬৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৬৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

-ঢাকা অফিস