দেশে দুই মাস পর করোনাভাইরাস শনাক্ত রোগীর হার সর্বোচ্চ হয়েছে। আর ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ হয়েছে মৃতের সংখ্যা। গত কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃতের হার ঊর্ধ্বমুখী থাকায় উদ্বিগ্নতা দেখা গেছে সচেতন মহলে। তবে বিশেষজ্ঞরা সকলকে উদ্বিগ্ন না হয়ে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্য সচেতনতা মেনে চলার দিকে নজর দিতে বলেছেন। শীত কমার সঙ্গে করোনা সংক্রমণের হারও কমতে থাকলে আম-জনতার মধ্যে স্বাস্থ্য সচেতনতা মানার ক্ষেত্রে শিথিলতা করতে দেখা যায়। রাস্তা-ঘাটে বা অফিস-আদালতে চলাচলের সময় মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানার প্রবণতা এখনও চলছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় স্ট্রেইন আসায় সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় নির্দেশনা চলে এসেছে। দেশে হঠাৎ করেই কদিন ধরে করোনা সংক্রমণ বেড়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এ অবস্থায় নতুন করে সংক্রমণ ঠেকাতে সব স্তরে মাস্ক পরা নিশ্চিতে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (১৫ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে বাড়ির বাইরে সর্বত্র মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। মাস্ক পরার ক্ষেত্রে সরকারের ১১টি নির্দেশনা উল্লেখ করে তা প্রতিপালনের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ১ মার্চ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তিনজনের। ১৫ দিনের ব্যবধানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২৬ জনের। অপরদিকে মাসের শুরুতে ২ মার্চ করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫১৫ জন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল মাত্র ৩ শতাংশ। ১৫ দিনের ব্যবধানে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ জনে। নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, ঘন ঘন হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা) হলেও তা মেনে চলার ব্যাপারে মানুষের মধ্যে উদাসীনতার কারণে করোনা সংক্রমণ বেড়েই চলছে। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে সারাদেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে দেশের সব স্থানে যাতে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেজন্য কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সোমবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গত ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা যান ১৬৩ জন। ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত যথাক্রমে মৃতের সংখ্যা ছিল- আটজন, সাতজন, পাঁচজন, সাতজন, ছয়জন, ১০ জন, ১১ জন, ১৪ জন, ১৩ জন, সাতজন, ছয়জন, ১৩ জন, ১২ জন, ১৮ জন ও ২৬ জন। নতুন রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল যথাক্রমে ৫৮৫ জন (৪ শতাংশ), ৫১৫ জন (৩ শতাংশ), ৬১৪ জন (৪ শতাংশ), ৬৩৫ জন (৫ শতাংশ), ৬১৯ জন (৪ শতাংশ), ৬০৬ জন (৪ শতাংশ), ৮৪৫ জন (৫ শতাংশ), ৯১২ জন (৫ শতাংশ), ১ হাজার ১৮ জন (৬ শতাংশ), ১ হাজার ৫১ জন (৬ শতাংশ), ১ হাজার ৬৬ জন (৭ শতাংশ), এক হাজার ১৪ জন (৬ শতাংশ), ১ হাজার ১৫৯ জন (৭ শতাংশ) এবং ১ হাজার ৭৭৩ জন (৯ শতাংশ)। অপরদিকে দেশে করোনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মোট শনাক্তের পরিমাণ মার্চের ১৫ দিনেই ছাড়িয়ে গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ফেব্রুয়ারিতে মোট শনাক্ত ছিল ১১ হাজার ৭৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন। আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৮০ জন। গত দুই মাস পর ১০ মার্চ থেকে টানা ছয়দিন শনাক্ত রয়েছে হাজারের ঘরে। এর আগে মার্চের প্রথম সপ্তাহ থেকেই করোনা শনাক্ত ধীরে ধীরে বাড়তে থাকে। সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, ৯ম সপ্তাহ (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) থেকে ১০ম সপ্তাহে (৭ মার্চ থেকে ১৩ মার্চ) শনাক্ত বেড়েছে ৬৭ দশমিক ২৭ শতাংশ আর মৃত্যু বেড়েছে ৪৯ দশমিক ২ শতাংশ। গত বছরের মে থেকে দৈনিক শনাক্ত হাজারের ঘরে প্রবেশ করে। এরপর থেকে করোনা শনাক্ত দেশে বাড়তেই থাকে। সেটি বাড়তে বাড়তে জুলাইতে চার হাজারের ঘরে ঠেকে। এরপর আবারও ধীরে ধীরে কমতে শুরু করে করোনা শনাক্ত। তবে আবার হাজারের নিচে নামতে সময় লাগে পাঁচ মাস। এই বছরের প্রথম দিন শনাক্ত হয় ৯৯০ জন, তার আগের দিন শনাক্ত ছিল এক হাজার ১৪ জন। এদিকে হঠাৎ করেই সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১৫ থেকে ২০ দিন আগেও করোনা সংক্রমণ ২ দশমিক ৩ শতাংশে নেমে গিয়েছিল, আর সুস্থতার হার ৯২ শতাংশ ছিল। কিন্তু গত কয়েক দিনে আবারও করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। এই পর্যায়ে দেখা যাচ্ছে, করোনা সংক্রমণ ৭ শতাংশ হারে বাড়ছে ও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এখন অনেকেই করোনাকে অবহেলা করছে। অনেকে অসুস্থ হলেও টেস্ট করাচ্ছে না। স্বাস্থ্যবিধির সব নিয়ম মানছে না। এর ফলে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। গত কয়েক দিনে ৫০০ বেশি করোনা রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। জেলা পর্যায়েও আমরা করোনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলেছি। এরইমধ্যে হাসপাতালগুলোতে করোনা ইউনিটগুলো সাজাতে শুরু করেছি। জেলায় জেলায় হাসপাতালগুলো রেডি রয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি পালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ বলেন, করোনা আমাদের একবার কমে গেলো। সেখান থেকে আবার একবার যে বৃদ্ধি পেলো, এটি একটি উদ্বেগের বিষয়। এই অবস্থা যে কতদূর যাবে, তাই বোঝা দরকার। জানা উচিত কেন এরকম হচ্ছে। সেটা সরকারেরই উচিত ভালো করে বিশ্লেষণের ব্যবস্থা করা। এটি করার জন্য গবেষণা দরকার, সার্ভে দরকার, জিনোম সিকয়েন্সিং করা দরকার। তবে মুশকিল হচ্ছে সরকারের এমন কোনও উদ্যোগ দেখা যায় না। মানুষ কোনও নিয়ম-কানুন মানছে না, এই কারণেই সংক্রমণ বাড়ছে বলে দায় সারছে। তিনি আরও বলেন, জানুয়ারিতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হলো, কিন্তু সেটা প্রকাশ করা হলো মার্চে। তখন সবাইকে জানিয়ে এ বিষয়ে সচেতন করা যেতো। কিংবা নির্বাচন কমিশন যে পৌরসভা নির্বাচন করেছে, এটার কারণে মানুষের মনে ভুল একটা মেসেজ গেছে যে নির্বাচন যদি করা যায়, তাহলে সামাজিক অনুষ্ঠান আয়োজন করা ও ভ্রমণে যাওয়া যাবে। এগুলোকে বলা হয় ফলস সেন্স অব সিকিউরিটি। এই জায়গাগুলোতে যথাযথ ভূমিকা যদি না থাকে, তাহলে আমাদের এই সমস্যা মিটবে না।
মাস্ক পরা নিশ্চিতে নতুন ১১ নির্দেশনা:
১. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।
২. সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।
৪. শপিংমল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।
৫. হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরা ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবেন না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।
৬. গণপরিবহনের (সড়ক, নৌ, রেল, আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে আরোহণের আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবেন।
৭. গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন।
৮. হকার, রিকশা ও ভ্যানচালকসহ সকল পথচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবেন।
৯. হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করবেন।
১০. সব সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।
১১. বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন।
– বিশেষ প্রতিনিধি











































