Home বিনোদন যে কারণে ভাঙলো গায়িকা পুতুলের সংসার

যে কারণে ভাঙলো গায়িকা পুতুলের সংসার

6

বিয়ের দুই বছরের মাথায় ভাঙলো তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের সংসার। রোববার (১৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি নিজেই জানান গায়িকা। পোস্টে তিনি সংসার না করতে পারার কারণও উল্লেখ করেছেন।

সাজিয়া সুলতানা পুতুল বলেন, দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে আরো কঠিন হচ্ছে। এই পথটা ঠিক যেন আমার কল্পনার সেই পথটা নয়। যে পথে আনন্দে হেঁটে যাওয়া যায়। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিলো চূড়ান্ত দ্বন্দ্বে। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিলো, ক্ষতিগ্রস্ত হচ্ছিলো আমার সৃষ্টিশীল সত্তা। বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিলো বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা।

পোস্টে তিনি আরো লেখেন, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হওয়ার বিষয়। বিচ্ছেদে ঘটা করার কিছু নেই। বিচ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজাই ভালো। সবাইকে নিয়ে সেই বিচ্ছেদি সুর উদযাপনের কিছু নেই। কিন্তু চূড়ান্ত সত্য এই, বিষাদে কোথাও মুক্তির গন্ধ মিশে থাকে, থাকে মুমূর্ষুতার অবসানে লম্বা করে নিশ্বাস নেওয়া। জীবনটা বেঁচে ওঠার সুযোগ পায় আরও একবার। সেই জীবনটাকে বাঁচিয়ে দেওয়া জীবনের প্রতিই সুবিচার বলে বিশ্বাস করি।

বিচ্ছেদ হয়েছে অনেক আগে। সেটা লুকিয়ে রেখেছিলেন পুতুল। তার কারণ জানিয়ে পুতুল লিখেছেন, এতোদিন পর এই কথাগুলো বলার একটাই কারণ, সম্পর্কটার ভেতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবন-যাপন করছি, এই দিনটার কোনো বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই একটা তারিখমাত্র। শুভেচ্ছা, শুভকামনা জানানোর কিছু নেই। জীবন সহজ হওয়ার স্বপ্নে যেমনি শুভকামনা জানাই নিজেকে নিজে প্রতিদিন, আজও তা জানাচ্ছি। ফেসবুক যতোই স্মৃতিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে, নিজের কাছে নিজের প্রত্যয় কেবলই সামনে তাকানোর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ বাগদান হয়েছিলো পুতুলের। তার সাবেক স্বামী কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুল।

– বিনোদন ডেস্ক