Home আঞ্চলিক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তিন কিশোরের বিরুদ্ধে

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তিন কিশোরের বিরুদ্ধে

9

যশোরের মণিরামপুরে হাত পা ও মুখ চেপে ধরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পলাশী পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। খেলার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশে একটি বাগানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। 

অভিযুক্ত তিন শিশু হচ্ছে, পলাশী পশ্চিম পাড়ার কামরুল হাসানের ছেলে খাইরুল (১৩), বাবলু হোসেনের ছেলে রানা (১৩) ও রাশিদা খাতুনের ছেলে মামুন (১২)। মামুনের পিতার নাম জানা যায়নি। পলাশী গ্রামে মায়ের সাথে নানা কপিল উদ্দিনের বাড়িতে থাকে সে। 

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর তিন শিশুকে নিয়ে তাদের বাবা-মা গা ঢাকা দিয়েছেন। রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

শিশুটির মা বলেন, দুপুরে মেয়ে গোসল করে খেলতে যাচ্ছিল। তখন রাস্তা থেকে রানা, খাইরুল ও মামুন খেলার কথা বলে তাকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে একটি গর্তে ফেলে ওরা তিনজন হাত পা ও মুখ চেপে ধরে মেয়ের সর্বনাশ করার চেষ্টা করে। ঘটনাটি আমার প্রতিবেশী এক জা দেখে ফেললে ওরা দৌঁড়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, বাগানে ছাগল খাওয়াতে গিয়ে কথা শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি বাচ্চাটা বারবার মাথা নাড়াচ্ছে। কিছু বলতে পারছে না। ওরা তিনজন শিশুটিকে চেপে ধরে রেখেছে। আমি কাছাকাছি গেলে ওরা পালিয়ে যায়।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, খবর পেয়ে বিকেলে আমি ঘটনাস্থলে গিয়েছি। বাচ্চা ও তার স্বজনদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। 

এদিকে সন্ধ্যায় শিশুটিকে নিয়ে তার পিতা থানায় আসেন। তারা ওসিকে বিষয়টি জানানোর পর তিনি মামলা না নিয়ে তাদের বের করে দেন বলে অভিযোগ করেন শিশুটির পিতা। পরে অবশ্য ওসি মামলা নিতে রাজি হয়েছেন।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির পিতার সাথে কথা হয়েছে। তিনি বাদি হয়ে মামলা করছেন। 

–মণিরামপুর (যশোর) প্রতিনিধি