১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’।
ঐদিন সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিভিন্ন মসজিদে বাদজোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সকাল নয়টায় হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষ্যে স্মরণিকা, গ্রন্থ, দেয়াল পত্রিকা প্রকাশ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ, সকল সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা, মুজিববর্ষ উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যানার ও ফেস্টুন স্থাপন, সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সন্ধ্যায় আতশবাজির আয়োজন থাকবে।
১৭ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। খুলনায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানসমূহে স্থানীয় প্রশাসন আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করবে। সুবিধাজনক সময়ে শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঐদিন চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নিজস্ব উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
ঐদিন সন্ধ্যায় খুলনা জেলা তথ্য অফিস বিভিন্ন স্থানে বড় আকারের এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করবে। সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরি সপ্তাহব্যাপী প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হবে।
স্থানীয় পত্রিকায় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে। উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন থাকবে।
খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা
খুলনা জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এবং এ বিষয়ক লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত কর্মশালা আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন বলেন, জন্ম সদন শিশুর অধিকার। সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার সুবিধা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো বেগবান করতে হবে এবং ২০২৪ সালের মধ্যে এক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে সামনে এগুতে হবে। দেশে মা ও শিশু মৃত্যুহার অনেক কমে গেছে। মৃত ব্যক্তির নিবন্ধন না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব না। সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় সরকারের উদ্যোগে খুব সহজে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ২০১০ সাল থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সুযোগ সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের এম্বেডেড কনসালট্যান্ট নজরুল ইসলাম, ভাইটাল স্ট্র্যাটেজিস বাংলাদেশের সিআরভিএস এর কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ মঈন উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম, সিভিল রেজিস্ট্রেশন অধিশাখার উপসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম ও খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
সিআরভিএস এর ধারণা, কালীগঞ্জ মডেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালা, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশনে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নেন।
-তথ্য বিবরণী











































