‘অনেক টাকা বকেয়া রয়েছে, কবে পাব তাও জানি না, মিলগুলো বন্ধ করে দেয়ায় খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। প্রধামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ মিলগুলো চালু করুন, আমাদের বকেয়া টাকাগুলো দেন, পরিবার পরিজন নিয়ে কোন রকমে বেঁচে যাই।’
শিল্পাঞ্চল নামে খ্যাত খুলনার খালিশপুর অঞ্চলের ক্রিসেন্ট জুট মিলের চাকরি হারা শ্রমিকরা এভাবেই আকুতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
শুধু ক্রিসেন্ট জুট মিলই নয়, সব মিলের শ্রমিকদের দশা একই রকম হয়ে গেছে। অনাহারে অর্ধাহারে দিন চলছে তাদের। অনেকেই নতুন পেশায় যাবার চেষ্টা করছেন। কিন্তু নতুন পেশায় তাদের নিজেদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে বলেও জানালেন তারা।
নিউজপ্রিন্ট মিল ও হার্ডবোর্ড মিল বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। যে চারটি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল তাও সম্প্রতি বন্ধ হওয়ায় খুলনা মহানগরীর খালিশপুর এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মানুষ। আর এতে মৃত প্রায় অঞ্চলে পরিণত হচ্ছে ‘খুলনার শিল্পাঞ্চল’। তবে পাটকলগুলো চালু হবে, এমন আশায় বুক বেঁধে আছেন শ্রমিকরা।
মিল এলাকা ঘুরে দেখা গেছে, সবখানে ফাঁকা। কোথাও কোনো জনমানব নেই। এক সময় মিলের খট-খট শব্দ আর শ্রমিকদের পদচারণায় মুখর থাকত যে এলাকা সেখানে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ।
ক্রিসেন্ট জুট মিলের স্থায়ী শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘২০১৯ সালে আমাদের ছয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। রাত ১০ টার পর হঠাৎ করে মিলটা বন্ধ করে দেয়। ঈদের এক দেড় মাস আগে মিল বন্ধ হয়ে যায়। আমাদের টাকা পয়সা দিয়ে দিলে আমরা কিছু করে খেতে পারতাম। আমাদের কোনো টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের টাকাগুলো দিয়ে দেন। আমরা কিছু করে খেতে পারবো।’
মিলের অপর শ্রমিক মো. হাসান বলেন, ‘সরকার বলেছে আমাদের টাকা পয়সা দেবে। দিছে কি না তা আমরা জানি না। আমাদের টাকাগুলো দিলে আমরা বাল-বাচ্চা নিয়ে খাইতে পারবো।’
ক্রিসেন্ট জুট মিল গেটের সামনের দোকানী মইন উদ্দিন (৭৪) বলেন, ‘স্বাধীনতার পর থেকেই এখানে দোকান করছি। আমার বাবা আর মা এই মিলেই চাকরি করতেন। আমি মিল গেটে দোকান করছি। এখানেই ছিলো আমার সবকিছু।’
মইন উদ্দিন বলেন, ‘১৯৮৪ সালের নভেম্বর মাসে এই মিলের ভেতর আগুনে পুড়ে মরে গেছে আমার তিন মেয়ে। তাও এখানে ব্যবসা করছি। কিন্তু মিল বন্ধ হয়ে যাওয়ায় এখন বেচাকেনা মোটেও নেই বললে চলে। আমার ছেলেরা মিলেই ছিল। তারা এখন নিজেদের আয়ের পথ খুঁজছে।’
ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দীন আজাদী বলেন, ‘সরকারের কথা ছিল মিলকে আধুনিকায়ন করে চালু করবেন। পাটমন্ত্রী বলেছিলেন, তিন মাসের মধ্যে মিল চালু করা হবে। এটা শোনার পর শ্রমিকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু মিল চালু না হওয়ায় শ্রমিকরা হতাশ।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে চালু করার মতো মিলের মেশিনারির সেই ক্যাপাসিটি আছে। সেটি নষ্ট হয়ে গেলে পুরাতন যন্ত্রপাতি হিসেবেসবিক্রি করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি, এই মুহূর্তে মিল চালু করা হোক। যদি মিল চালু করা হয় তাহলে দেশের মধ্যে পাটপণ্যের যে ক্রাইসিস সেটা যেমন দূর হবে, অন্যদিকে এই মেশিনারি রক্ষা পাবে।’
গত বছরের জুলাই মাসের শুরুতে শ্রমিকদের ‘গোল্ডেন হ্যান্ড সেক’ দিয়ে মিলগুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েকদিন অপেক্ষার পর পরিবার নিয়ে এলাকা ছাড়তে শুরু করেন শ্রমিকরা। সর্বশেষ যেসকল শ্রমিকরা কলোনিতে থাকতেন তাদের ঘর-বাড়ি মিল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সাপেক্ষে টাকা পেয়েছেন।
-স্টাফ রিপোর্টার











































