যশোরের অভয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং দুই যাত্রী মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যশোর-খুলনা মহাসড়কে মশরহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। তারা সবাই ঘাট শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা ওঠানো-নামানোর কাজ করেন। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক শহিদুল ইসলাম (৪২) যাত্রী সাইফুল ইসলাম বাবু (৩৮) ও অজ্ঞাত এক ব্যাক্তি(৪০)। শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ছবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে শ্রমিকদের নিয়ে একটি ইজিবাইক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে উপজেলার নওয়াপাড়া বাজারে আসছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ায় যাচ্ছিল। সাড়ে নয়টার দিকে বাসটি আরেকটি বাসকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে প্রায় ১৫ হাত দূরে গিয়ে আছড়ে পড়ে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় আহত হন ইজিবাইক চালক এবং ছয় শ্রমিক। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আর সাইফুল ইসলাম বাবু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছেন। আহততের মধ্যে গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরেকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ আলম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
– নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি











































