সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়ে আগামী ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে ৭৯ বার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
এর আগে গত বছরের ২ মার্চ আলোচিত এ হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র্যাব। প্রতিবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ডে দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগর-রুনির ব্যবহূত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএর মিল পাওয়া গেছে।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালে হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তের ভার র্যাবের ওপর ন্যস্ত করা হয়। এ মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।
-ঢাকা অফিস











































