Home আন্তর্জাতিক ছুরিকাঘাতে মালিক নিহত, আটক হলো মোরগ!

ছুরিকাঘাতে মালিক নিহত, আটক হলো মোরগ!

6

খুলনাঞ্চল ডেস্ক

লড়াইয়ের মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে ভারতে মোরগমালিকের প্রাণ গেছে। সম্প্রতি দেশটির তেলেঙ্গানা রাজ্যের লোথুনুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ‘ঘাতক’ মোরগটিকে আটক করা হয়।

ভারতে ১৯৬০ সাল থেকে মোরগলড়াই নিষিদ্ধ হলেও অবৈধভাবে এই লড়াই বেশ জনপ্রিয়। এমনই এক লড়াইয়ের জন্য নিজের মোরগকে প্রস্তুত করছিলেন তার মালিক। হঠাৎই মোরগটি পালানোর চেষ্টা করলে মালিক সেটিকে ধরতে ধাওয়া করেন। এসময় মোরগের পায়ে বাঁধা ৩ ইঞ্চির ধারালো ছুরি ওই ব্যক্তির কুঁচকিতে ঢুকে যায়।

তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে স্থানীয় পুলিশ সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন জানান, ঘটনার পরপরই মোরগটিকে আটক করে থানায় নেয়া হয়। পরে সেটিকে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মে পাঠানো হয়। বিচারকার্য চলাকালীন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যাকা-, অবৈধ বাজি এবং মোরগলড়াই আয়োজনের অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ইতোমধ্যে তারা এই ঘটনায় সংশ্লিষ্ট ১৫ জনকে আটকের জন্য অভিযান শুরু করেছেন।

যদিও ভারতে মোরগের হাতে মালিকের মৃত্যুর এটিই প্রথম ঘটনা নয়। গত বছরই তেলেঙ্গানার প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে মোরগের পায়ে বাঁধা ব্লেডের আঘাতে এক মালিকের মৃত্যু হয়েছিল।