সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
রবিবার সারাদেশের সাথে ৫ম ও শেষ ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুিষ্ঠত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। নির্বাচনের আগাম প্রস্ততি হিসেবে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে বিকেল পর্যন্ত সকল ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল জিনিসপত্র।
সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে, এ পৌরসভায় ২১ কেন্দ্রের সবকটিতে আধুনিক প্রযুক্তি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নির্বাচন সুষ্ঠ করতে আগেই ভোটগ্রহণের দায়িত্ব পালনকারীদের দেয়া হয়েছে যাবতীয় প্রশিক্ষণ। আগেই শনিবার দুপুরে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী গ্রহণ করে সরঞ্জামাদী নিয়ে ভোট কেন্দ্রগুলোতে পৌছেও যান। প্রতিটি কেন্দ্রে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আর পৌর এলাকায় টহলরত তিন প্লাটুন বিজিবিসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এদিকে পৌর নির্বাচনকে সুষ্ঠ অবাধ করতে ও আইন শৃংখলা বজায় রাখতে ইঞ্জিণচালিত সকল যানবাহন বন্ধের জন্য ৪ দিন আগেই জেলা প্রশাসন তথ্য অফিসের মাধ্যমে পৌর এলাকায় নানা বিধিনিষেধ জারি করে মাইকিং করা হয়।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্ত হাইওয়ে সড়কে যান চলাচল শিথিল থাকারও ঘোষনা দেওয়া হয়।
তবে নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে কোন রকম বাধাগ্রস্থ হবে না বলেও ঘোষনা দেয়া হয়েছিল। আজকের এ নির্বাচন শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন রকমের অপ্রীতিকর ঘটনা জন্য কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
নির্বাচন অফিস আরো জানায়, ৫ম ও শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৪০ হাজার ৫ শত ৭৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ৪ জন মেয়র প্রার্থী ও ৯ ওয়ার্ডে মোট ৫০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, নির্বচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, ডিবি, বিজিবি, স্ট্রাইকিংফোর্স সদা প্রস্তত রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সাদা পোষাকধারী বিশেষ বাহিনীর সদস্যরাও ভেটারদের নিরাপত্তায় কাজ করছেন। আশা করছেন কোন রকমের বিশৃংখলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ২১ টি কেন্দ্রে মোট ১৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করবেন।











































