ঢাকা অফিস:
স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। রাজধানীর হোটেল লেকশোর থেকে শুরু হচ্ছে দলটির এ কর্মসূচি। আগামী ১ মার্চ বিকেল ৩টায় গুলশানের হোটেলটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর সন্ধ্যা ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক বই নিয়ে হবে মেলা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ১ মার্চ সোমবার বিকেল ৩টায় গুলশানের ৪১ নম্বর সড়কের হোটেল লেকশোরে বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে দেশ বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও পেশাজীবী নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
শায়রুল বলেন, ওইদিন সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন ৩০ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিলেও পরে তা পরিবর্তন করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতাদের দাবি, পুলিশের পক্ষ থেকে সুর্বণজয়ন্তীর কর্মসূচি উন্মুক্ত স্থানে না করে ঘরোয়াভাবে করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই তারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রস্তাবিত কর্মসূচির খসড়া রয়েছে- ২ মার্চ ছাত্র সমাজের ‘স্বাধীনতার পতাকা উত্তোলন’ শীর্ষক আলোচনা সভা; ৩ মার্চ ছাত্র সমাজের ‘স্বাধীনতার ইশতেহার পাঠ’ শীর্ষক আলোচনা সভা; ৭ মার্চ আলোচনা সভা; ৮ মার্চ জাতীয়তাবাদী মহিলা দল বিশ্ব নারী দিবস পালন করবে; ৯ মার্চ রচনা প্রতিযোগিতা কমিটি সেমিনার আয়োজন করবে; ১০ মার্চ রচনা প্রতিযোগিতা কমিটি রচনা প্রতিযোগিতা আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করবে।











































