বিশেষ প্রতিনিধি:
সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঝিনাইদহ কালীগঞ্জে ৩ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে। সংঘর্ষের ঘটনাস্থলেই সৌভিক বিশ্বাস (২৮) নামের এক যুবক নিহত হন। এ সময় আহত আরও চারজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল রানার ছেলে সোহেল রানা (২৭) ও রাত ৮ টার দিকে একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকরাম হোসেন (৩৪) মারা যান। ঘটনাস্থলেই নিহত সৌভিক বিশ্বাস কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল চন্দ্র বিশ্বাসের ছেলে। হাসপাতালে এখনও চিকিৎসাধীন দুখীরাম সাহার বাড়ি কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে। তারা সকলেই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুলবাগান দেখতে উপজেলার ত্রিলোচনপুর এলাকায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ডঃ শেখ মামুনুর রশিদ জানান, মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তারা নিহত হয়েছেন। কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কের পাতবিলা তেলপাম্পের সামনে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসের পেছন থেকে আগে উঠতে যায় সৌভিক। এদিকে সামনে থেকেও অপর আরেকটি মটর সাইকেল আসছিল তা তার নজরে ছিলনা। ফলে মোটসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কালীগঞ্জের দিক থেকে আরেকটি দ্রুতগামী মটর সাইকেল এসে দূর্ঘটনায় পতিত ওই ২ মটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ত্রিমূখী সংঘর্ষে ৩ মটর সাইকেলে থাকা সকলেই আহত হন। রক্তক্ষরনে ঘটনাস্থলেই সৌভিক নামের একজন মারা যায়। গুরুতর আহত অপর ৪ জনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা ও আকরাম হোসেন সন্ধ্যার পরে মারা যান।











































