কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার পৌরসদরের জিকেএমকে পাইলট হাইস্কুলের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক আব্দুর রবকে পিটিয়েছেন কয়েকজন শিক্ষক। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষকের অফিসে এ ঘটনা ঘটে।
কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, আমি অফিসে বসে শিক্ষা বোর্ডের কাজ করছিলাম, এমন সময় স্কুলের সহকারী শিক্ষিকা(শরীরচর্চা) মাহফুজা খাতুন আমাকে গালাগাল দিতে দিতে অফিসে আসেন। আমি অফিস সহকারীকে ডেকে তাকে অফিস থেকে বের করে দিতে বলি।
তিনি বলেন, এমন সময় তার সঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান অফিসে প্রবেশ করে আমাকে এলোপাথাড়ি মারপিট করে আমার জামাকাপড় ছিড়ে দিয়েছেন। এছাড়া অফিসের বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছেন। পরবর্তীতে স্কুলের অন্যান্য শিক্ষক ও অফিস স্টাফ আমাকে উদ্ধার করেন।
সংঘর্ষের বিষয়ে স্কুলের সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন জানান, প্রধান শিক্ষক আব্দুর রব আমার বিরুদ্ধে ডিজি অফিসে অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে গেলে তিনি আমাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আমার চিৎকারে স্কুলের অন্যান্য শিক্ষকরা আমাকে উদ্ধার করেন।
কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর জানান, জিকেএমকে পাইলট হাইস্কুলে শিক্ষকদের উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









































