বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকায় মধ্যরাতে মদ্যপান করা ব্যক্তির ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
এ ঘটনায় শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানা হোসেন (২৮) কে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। রানা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে রানা শিবনগর এলাকায় মানিক দাসের বাড়িতে মদ পান করে মাতলামি করছিল। এ সময় মানিক দাসের স্ত্রী পারুল দাস ও ছেলে বিধান কে মারধর ও গালাগালি করে রানা। সে সময়ে ইসরাফিল নামের ওই যুবক রানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই শোনা যায় ইসরাফিল চিৎকার করছেন। স্থানীয়রা ইসরাফিলের চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ইমতিয়াজ আলম জানান ইসরাফিল হাসপাতলে পৌঁছানোর আগেই মারা যায়। তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করার ফলে নাড়িভুঁড়ি বের হয়ে প্রচুর রক্তক্ষরনে মারা গেছেন। তাছাড়া এ হত্যাকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত রানার মুখ দিয়ে অ্যালকোহল এর গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ রানাকে আটক করেছে।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত রানাকে মদ্যপ অবস্থায় আটক করেছে। ওই রাতেই চিকিৎসার জন্য রানাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।











































