Home আঞ্চলিক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

7

খুবি প্রতিনিধি:


খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তারিখ রবিবার সকাল ৬-৩০ মিনিটে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ওয়েবিনারে যুক্ত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করবেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এছাড়া আলোচক হিসেবে থাকবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে (www.facebook.com/ku.ac.bd.official)| এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬-৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

খুবির প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠা ও দায়িত্বের সাথে
কাজ করতে কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উপ-উপাচার্যের আহ্বান


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারিদের প্রতি নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শাখা প্রধানদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
উপ-উপাচার্য বলেন, করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ফলে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে নির্দেশনা আসামাত্র আমরা যেন যথাসম্ভব শীঘ্রই একাডেমিক কার্যক্রম শুরু করতে পারি সে জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে কর্মকর্তা-কর্মচারিদের নিষ্ঠার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে আজ সকাল ১১টায় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল খোলার বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন এসময় উপস্থিত ছিলেন।

কৃষি গবেষণায় স্কলারশিপ প্রদানে খুবির
সাথে লিডার্স এর এমওইউ স্বাক্ষরিত


কৃষি গবেষণা এবং বিশেষ করে খুলনা উপকূলীয় অঞ্চলে কৃষিভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লিডার্স-এর এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১টায় ট্রেজারারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং লিডার্স এর পক্ষে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
এমওইউ’র কপিটি গ্রহণকালে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ আশা প্রকাশ করেন, কৃষি গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্কলারশিপ পাবে তা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনায় এই এমওইউ স্বাক্ষরের ফলে প্রকৃত উপকারে আসবে।
এমওইউ’র আওতায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণার জন্য স্কলারশিপ পাবেন। প্রথম পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান জানান, এই এমওইউ স্বাক্ষরের ফলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার নতুন সুযোগ হলো। তিনি লিডার্সকে কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

খুবির কর্মচারী আব্দুর রহমানের পিতার
মৃত্যুতে উপ-উপাচার্যের শোক


খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কর্মরত পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহমানের পিতা লুৎফুর রহমান আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে সাতক্ষীরাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।