Home আঞ্চলিক রূপসার নতুনহাট-কুদির বটতলা ৩ কি:মি: সড়কে দুর্ভোগ

রূপসার নতুনহাট-কুদির বটতলা ৩ কি:মি: সড়কে দুর্ভোগ

125


রূপসা প্রতিনিধি :


খুলনার রূপসা উপজেলার নতুনহাট-কুদির বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে। এছাড়া সড়কে গর্ত আর খানাখন্দের জন্য প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্ভোগের যেন অন্ত নেই এ অঞ্চলের খেঁটে খাওয়া কৃষক, দিনমজুর, কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের।

এই সড়ক দিয়ে খুলনা সদর, ফকিরহাট, বটিয়াঘাটাসহ বিভিন্ন উপজেলায় প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে। এছাড়া কয়েকটি এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় । এ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এসড়ক। স্থানীয় জাফর শেখ জানান, আমরা এপথ দিয়ে চলাচল করতে পারি না, বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত কাঁদা হয়। কোনো প্রকার যানবাহন এই রোড দিয়ে গেলে সামনে বালু ছাড়া আর কিছু দেখা যায় না।


বয়োবৃদ্ধ রাবেয়া খাতুন বলেন, বয়স হয়েছে হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। যানবাহনে চলাচল করবো, তারও সুযোগ নেই। রাস্তাটি এতটাই খারাপ যে একদিন যানবাহনে চলাচল করলে গায়ের ব্যথায় বিছানা থেকে উঠতে পারি না। স্কুল ছাত্রী রাইসা আক্তার বলেন, যখন এই রোড দিয়ে যায় মনে হয় এই বুঝি গাড়িটি আমার দিকে চলে আসছে। যদি রাস্তাটি ভালো করা হয় তাহলে আমাদের ভেতরে কোনো আতঙ্ক থাকবে না।


পিকআপ চালক আরমান শেখ জানান, এই রোডে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আর অনেক সময় গর্তে পরে চাকার এক্সেল ভেঙে যায়। এতে আমাদের কে লোকসানের মুখে পড়তে হয়। ভ্যানচালক আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি, গাড়ি চালাতে গেলে মনে হয় দূর্ঘটনায় পড়লাম। আমরা এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।


এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ওয়াসার ভবন নির্মাণ করার জন্য বড় বড় ট্রাক এ রাস্তাদিয়ে চলাচলের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে।