Home আঞ্চলিক মণিরামপুরে আট দোকান ভস্মিভূত

মণিরামপুরে আট দোকান ভস্মিভূত

8

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুজগুন্নী আজগার চেয়ারম্যান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানগুলো ভস্মিভূত হয়েছে। আগুনে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকদের।
স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রথমে কবিরের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। একে একে আগুন লেগে আসাদুল গাজীর ইলেকট্রনিক্স, হাফেজের মুদি, মশিয়ার গাজীর সাইকেল গ্যারেজ, বাবুল আক্তারের হোমিও ওষুধের ঘর, ফিরোজ হোসেনের চা, শরিতুল্লাহ ও বসির গাজীর খাবার হোটেল পুড়ে যায়।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ আব্দুল আজিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দুইঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।