স্টাফ রিপোর্টার:
খুলনার শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার সাব্বির (২৬) কে বাসের মধ্যেই কুপিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই ক্লুলেস এ খুনের আসামী শনাক্ত ও গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার ভোরে ওই হেলপারের গলাকাটা রক্তাক্ত লাশটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামী। গ্রেফতার হওয়া সামি হাসান শেখ (১৯)। সে সোনাডাঙ্গা থানাধিন গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার নুরজামালের বাড়ির ভাড়াটিয়া সাইদ শেখের ছেলে।
তাকে আজ শনিবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে ওসি মোঃ মমতাজুল হক নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুকান্ত জানান, গত বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) টি নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে সেখানে থেকে যায়। শুক্রবার সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।









































