Home আঞ্চলিক খুলনায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

খুলনায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

21

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগর ছাত্রদলের কর্মিসভা বানচালের জন্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন ৮-১০ জন। এদের মধ্যে কয়েকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের সামনেই মারামারির উস্কানি দেওয়ার সূত্র ধরে ছাত্রদলের মহানগরের সাবেক দপ্তর সম্পাদক মুশফিকুর হাসান অভিকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ও বিকালে নগরীর পার্টি অফিসের ভেতর এবং বাইরে দুই দফায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের জন্য গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় নেতাদের কাছে জীবন বৃত্তান্ত দেন খুলনার প্রায় শতাধিক নেতা। এক সপ্তাহ পর আহবায়ক কমিটি গঠনের কথা থাকলেও সেটা হয়নি। যার ফলশ্রুতিতে বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতা খুলনায় আসেন কর্মিসভা করতে।

নেতারা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান সজীব, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন রিপন ও মাহবুব মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই।

এদিকে দুপুরের পর মহানগরীর পার্টি অফিসে কর্মিসভা শুরু হওয়ার পর দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একটি পক্ষ কর্মিসভা বানচালের জন্য উদ্দেশ্যমূলকভাবে বাকবিতণ্ডা এবং চড়াও হওয়ার পর চেয়ার ভাঙা শুরু করে। এরপর দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় আহত হন অভি, আরিফ, মামুন, শাহীন, খাইরুল, রুবেলসহ বেশ কয়েকজন। পার্টি অফিসের মধ্যে দুপুরে সংঘর্ষ হওয়ার পর বিকালে পার্টি অফিসের নিচেও সংঘর্ষ হয়।

একটি সূত্র জানায়, মহানগরের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু এবং সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমনের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারের জন্য এ সংঘর্ষ ঘটিয়েছে বলে অভিযোগ করলেও তারা দুইজনই বিষয়টি অস্বীকার করেছেন।

তবে কর্মিসভার ব্যানারে সুমনের নাম থাকায় একটি গ্রুপ কর্মিসভা না করার আহবান জানায়। এ সময় কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।

এ বিষয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগরের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি গ্রুপ কর্মিসভা বানচালের চেষ্টা করেছে। এতে ৮-১০ জন আহত হয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ইতোমধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা আরও একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি কেন হয়েছে তা বের করে ব্যবস্থা নেব।