Home আঞ্চলিক মণিরামপুরে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার

মণিরামপুরে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার

12

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পৌর শহরের কামালপুর এলাকার নজরুলের বাড়ি হতে পরিত্যক্ত বস্তু তিনটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারনা বস্তু তিনটি সক্রিয় ককটেল। স্থানীয় কাউন্সিলর বাবুল আক্তার বাবুল বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নজরুলের বাড়ির পথে বাজারের ব্যাগে টেপ মোড়ানো বস্তু তিনটি দেখতে পান মঞ্জুয়ারা বেগম নামে এক গৃহবধূ। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে খবর দেন।

আমি বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানাই। মণিরামপুর থানার এসআই হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি প্লাষ্টিকের ব্যাগ ভর্তি হলুদ টেপ মোড়ানো দুইটি এবং কালো টেপ মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো টেপ মোড়ানো জর্দ্দার কৌটা। আমরা বস্তু তিনটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে থানায় নিয়ে এসেছি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।