মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক শকসার্কিটে নূর ইসলাম ওরুফে মেঝ খোকন নামে এক কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। আগুনে নগদ অর্থসহ তিন লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক নূর ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। আমার স্ত্রী আছিয়া বেগম ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুতের মেইন সুইচ জ¦লে ওঠে। আগুন দেখে বাইরে এসে চিৎকার দেন তিনি। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের সব জিনিসপত্রসহ নগদ একলাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, রাতে আমি খবর পাইনি। সকালে জানতে পেরে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওস্তাদ শেখ আব্দুল আজিম বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।











































