শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বান্দারহাট সংলগ্ন ধানসাগর টহল ফাঁড়ি এলাকায় সুন্দরবনের অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনায় চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মদ বেলায়েত হোসেন জানান, ইতিমধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের সুন্দরবনের অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনার রহস্য উদঘাটন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দাকোপ বন আদালতের ফরেষ্ট রেঞ্জার অসিত কুমার ও চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২ টার দিকে গ্রামবাসীরা ওই এলাকায় ধোয়ার কুন্ডলী দেখে বনবিভাগকে খবর দিলে তাৎক্ষনিক বনরক্ষীদের একটি দল এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় চারদিকে নালা কেটে আগুন আটকে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের শরনখোলা ইউনিট যোগ দিয়ে প্রায় চার/পাঁচ ঘন্টা প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। বনবিভাগের ভাষ্যমতে ৪/৫ কাঠা বনভূমি ক্ষতিগ্রস্থ হলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সুন্দরবন। আগুন লাগার প্রকৃত কারন এখনও জানা যায়নি। বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মদ বেলায়েত হোসেন সহ পুর্ব সুন্দরবনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাম গোপন রাখার শর্তে, বন সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সংশ্লিষ্ট বনরক্ষীদের ম্যানেজ করে একটি প্রভাবশালী চক্র বছরের পর বছর সুন্দরবনের বিভিন্ন বিল ও জলাশয়ের বিভিন্ন প্রজাতির মাছ লুট করার উদ্দেশ্যে প্রতি বছর শুষ্ক মৌসুমে চাঁদপাই রেঞ্জের বিভিন্ন বিলে মাছের খাদ্য হিসেবে গাছ পোড়ানো কয়লা তৈরি করতে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় আর এ সকল ঘটনায় হয়রানির শিকার হন সাধারন মানুষ।
এছাড়া প্রতিবছর ওই এলাকায় দু’একবার আগুন লাগার ঘটনা ঘটলেও আসল রহস্য উদঘাটন করা বনবিভাগের পক্ষে সম্ভব হয়নি।











































