Home আঞ্চলিক গাছে ঝুলছিল প্রেমিক-প্রেমিকার মরদেহ

গাছে ঝুলছিল প্রেমিক-প্রেমিকার মরদেহ

14

কলারোয়া প্রতিনিধি::

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তারা আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের। পরকীয়া প্রেমঘটিত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। তবে পুলিশ বলছে, এখনই বলা সম্ভব নয় এটি হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে তদন্ত চলছে। মারা যাওয়া গৃহবধূ ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুজন আত্মহত্যা করেছে। থানা পুলিশে খবর দাও। মারা গেছে শেখ আব্দুল হাইয়ের পুত্রবধূ ও অপর এক যুবক। আব্দুল হাইয়ের ছেলে শেখ হাসান মানসিক ভারসাম্যহীন। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানানোর পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছে ডালে একই রশিতে দুই পাশে ঝুলছিল দুই মরদেহ। কী কারণে তারা আত্মহত্যা করেছে সেটির কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, যুবকের শরীরে আমরা কোনও আঘাতের চিহ্ন পাইনি তবে গৃহবধূর মুখে ও গলায় আঁচড়ের দাগ রয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।