বিশেষ প্রতিনিধি::
বিশ্ববাজারে হালাল পণ্য রপ্তানিতে সম্ভাবনার নতুন দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। বর্তমানে ৪৯টি দেশীয় কোম্পানি ৪৩ দেশে ৩০০-এরও অধিক পণ্য রপ্তানি করেছে। বিদেশে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি হালাল পণ্যের বাজার। বর্তমানে বিশ্বে হালাল পণ্যের বাজারের পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি মার্কিন ডলার। এখন পর্যন্ত ব্যবসায়ী টু ব্যবসায়ী পর্যায়ে এই ব্যবসা চলছে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সুযোগ সুবিধা পেলে নতুন সম্ভানাময় খাত হবে। সম্প্রতি ভারত লাল মাংসের নির্দেশিকা থেকে হালাল শব্দটি বাদ দিয়েছে। ভারতের কাছ থেকে সরে যাওয়া এই হালাল বাজার ধরার কথা বলছেন তারা।
ইসলামিক ফাউন্ডেশনের হালাল সদন বিভাগের মুফাসসির ও উপপরিচালক ড. মাও. মো. আবু ছালেহ পাটোয়ারী জানান, বর্তমানে ১১৫টি কোম্পানি ৭০০ এর বেশি পণ্যের সনদ দেয়া হয়েছে। এর মধ্যে থেকে ৪৯ কোম্পানি তাদের ৩০০ এর বেশি হালাল পণ্য বিশ্বের ৪৩ দেশে রপ্তানি করছে। গরু, ছাগল, মুরগি, হাঁস এবং কবুতর এই ৫ ধরনের হালাল মাংস রপ্তানি করা হয়ে থাকে। তিনি জানান, আমরা চাইলেই একটি পণ্যের হালাল সদন দিতে পারি না। এর জন্য আরও বেশকিছু বিষয় রয়েছে। সেটা হয়ে এসে আমরা পণ্যের হালাল সনদ দিয়ে থাকি। সৌদি আরব বাংলাদেশ থেকে মাংস নেয়ার প্রস্তাব দিয়েছে। তবে তারা বেশকিছু শর্ত দিয়েছি। সেটা পূরণে সরকার কাজ করছে। এর মধ্যে একটি হচ্ছে এলাকাভিত্তিক গরু উৎপাদন। এটা করার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটি এলাকা নির্বাচন করেছি। এলাকাগুলো হচ্ছে পাবনা, ভোলা এবং মানিকগঞ্জ। জানা যায়, খাদ্যপণ্যে হালার সনদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হিন্দুত্ববাদী ও শিখ সংগঠনগুলোর প্রচারে লাল মাংসের নির্দেশিকা থেকে শব্দটি বাদ দিয়েছে ভারত। দেশটির কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এমন তথ্য মিলেছে। এপিইডিএ জানিয়েছে, হালাল মাংসের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত নেই। অধিকাংশ আমদানিকারী দেশ বা আমদানিকারকদের এটিই চাহিদা। সংশ্লিষ্ট আমদানিকারী দেশগুলোর মাধ্যমে সরাসরি হালাল সনদ সংস্থাগুলো স্বীকৃত। মাংস রপ্তানিকারক একমাত্র প্রতিষ্ঠান বেঙ্গল মিট। প্রতিষ্ঠানটির হেড অব কমার্শিয়াল এক্সপোর্ট আল আমিন জানান, ভারত হালাল পণ্য দিচ্ছে না এটা আমাদের জন্য ভালো সংবাদ। তবে ভারতের যে মাংস উৎপাদন সক্ষমতা রয়েছে আমাদের সেটা নেই। অন্যদিকে ভারত গরুর মাংসের চেয়ে বাফেলোর মাংস বেশি রপ্তানি করত। আর বাফেলোর মাংসের দাম অনেক কম। ফলে তারা সেই সুযোগ নিচ্ছে। তিনি জানান, আমরা সরকারকে কিছু প্রস্তাবনা দিয়েছি। তার মধ্যে রয়েছে বিদেশ থেকে উন্নতজাতের গরু নিয়ে খামারিদেরকে দিয়ে দেয়া। যাতে তারা কম খরচে বেশি মাংস উৎপাদন করতে পারে। তখন আমরা আরও বেশি মাংস রপ্তানি করতে পারবো। এখন পর্যন্ত আমরা ব্যবসায়ী টু ব্যবসায়ী পর্যায়ে ব্যবসা করে যাচ্ছি। সরকারকে বলেছি কিছু দেশে ব্যবসা করতে চায় এ জন্য তারা সরকারি পর্যায়ে চুক্তি করার শর্ত দিয়েছে। সেই বিষয়ে কাজ করার জন্য সরকারকে প্রস্তাবনা দিয়েছি।
আল আমিন জানান, আমরা এখন কুয়েত, দুবাই এবং মালদ্বীপ এই তিন দেশে হালাল মাংস রপ্তানি করতেছি। আমরা এখন প্রতিবছর ২০০ টন মাংস রপ্তানি করছি। বেঙ্গল মিট প্রথম এবং একমাত্র কোম্পানি যে মাংস রপ্তানি করে থাকে। ২০০৭ সাল থেকে আমরা হালাল মাংস রপ্তানি করে থাকি। সেই সময়ে প্রতিমাসে ৩০ থেকে ৪০ টন রপ্তানি করতাম। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বর্তমানে যে ৪৩টি দেশে হালাল পণ্য রপ্তানি হয়। সেই দেশেগুলো হচ্ছেÑ মালদ্বীপ, মালয়েশিয়া, কুয়েত, দুবাই, আমেরিকা, তুরস্ক, ইরান, থাইল্যান্ড, ইউরোপ, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, চীন, ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা, নেপাল, নেপাল, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, লন্ডন, সিঙ্গাপুর, ফ্রান্স, পাকিস্তান, তাইওয়ান, জর্জিয়া, ইউক্রেন, ভুটান, জার্মানী, যুক্তরাজ্য, ইতালী, সাইপ্রাস, কানাডা, জাপান, ব্রুনাই, টগো, দক্ষিণ কোরিয়া, মরিশাস, নিউজিল্যান্ড এবং জার্মানি। জানা যায়, প্রায় আড়াই লাখ কোটি ডলারের আন্তর্জাতিক হালাল বাজার ধরতে চায় বাংলাদেশ। এ বাজারে রপ্তানি বাড়াতে দুবাই ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল হালাল অ্যাক্রিডিটেশন ফোরামের’ (আইএইচএএফ) সদস্য পদ প্রাপ্তির উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ অ্যাক্রিডিটিশন বোর্ডের’ (বিএবি) মাধ্যমে এই ফোরামের সদস্য পদটি নিশ্চিত করা হবে। ফোরামের নতুন সদস্যদের জন্য প্রথম তিন বছর কোনো চাঁদা দিতে হয় না। চতুর্থ বছরে চাঁদার হার কতো হবেÑ সেটিও এখনো নির্ধারিত হয়নি। এ পরিপ্রেক্ষিতে আইএইচএএফের সদস্য পদ লাভে বিএবিকে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় বাংলাদেশের চাঁদা প্রদান সংক্রান্ত সচিব কমিটি। একই সাথে চাঁদার হার নির্ধারিত হলে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। বর্তমান বিশ্বে ১৮০ কোটি মুসলিম ভোক্তার পণ্য ও সেবার চাহিদার ভিত্তিতে গড়ে ওঠেছে বৈশ্বিক হালাল পণ্য, কাঁচামাল ও সেবার বাজার। দ্য গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রি : অ্যান ওভারভিউ’-র ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সেবা খাত ছাড়াই বর্তমানে বৈশ্বিক হালাল পণ্য ও সেবা বাজারের মূল্য প্রায় ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। প্রতিবছর এ বাজারের আকার বাড়ছে প্রায় ২০ শতাংশ হারে।











































