Home আঞ্চলিক দোকান নির্মাণের উপশহরে একটি বাড়ির যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

দোকান নির্মাণের উপশহরে একটি বাড়ির যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

35

যশোর অফিস::

যশোর উপ-শহর হাউজিং এস্টেটের একজন বাসিন্দার বাড়ির সামনে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ওই বাসিন্দার যাতায়াতের পথ বন্ধ করে এই নির্মাণকাজ করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, এই বিষয়টি গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললেই আমরা সেটির সমাধানের চেষ্টা করতে পারি।

হাউজিং এস্টেট বি/১৪১ ব্লকের বাসিন্দা ডা. চাঁদ সুলতানা ডোরা আজ রোববার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলীকে দেওয়া অভিযোগে জানান, তার বাবা শেখ মানছুর উদ্দিন আমেরিকা প্রবাসী। এছাড়া, তিনি নিজে একজন চিকিৎসক, বর্তমানে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। উপ-শহরের বাড়িটি ভাড়া দেওয়া। গত ১৫ জানুয়ারি তাদের বাড়ির সামনে ফাঁকা স্থানে (তাদের চলাচলের স্থান) অজ্ঞাত লোকজন পাকাঘর নির্মাণ শুরু করে। বাড়ির ভাড়াটিয়া নিষেধ করলেও তারা শোনেনি।

তিনি জানান, খবর পেয়ে গত ২৯ জানুয়ারি তিনি যশোরে এসে দেখেন, তাদের চলাচলের জায়গার বেশিরভাগ অংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি তাদের কাউকে সেখানে পাননি। সেখানে ঘর নির্মাণ করা হলে বাড়িতে তাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।

তিনি বিষয়টি হাউজিং এস্টেট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে সেগুলো দ্রুত উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জানতে চাইলে যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারি।