Home আঞ্চলিক প্রতিবন্ধী বিপ্লবের স্বপ্নপূরণে পল্লীবিদ্যুৎ

প্রতিবন্ধী বিপ্লবের স্বপ্নপূরণে পল্লীবিদ্যুৎ

17

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥

দিনমজুরি করে স্ত্রী সন্তান নিয়ে ভালই কাটছিল বিপ্লবের। স্বপ্ন ছিল টাকা জমিয়ে খুঁটির খুপরি ছেড়ে ইটের ঘরে ওঠার। কিন্তু বিপত্তি ঘটে দুই বছর আগে। আম পাড়তে উঠে পড়ে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙে যায় বিপ্লবের। জমানো টাকাসহ হাট-বাজার থেকে সাহায্য নিয়ে চারলাখ টাকা খরচ করেও স্বাভাবিক জীবনে ফেরা হলো না তার। অবশেষে দুই পা অকেজো হয়ে হুইল চেয়ারেবন্দী হয় যুবক বিপ্লবের জীবন।

ইটের ঘরের আশা দুরাশা হলো বিপ্লবের। ভিক্ষাকে পেশা হিসেবে নিতে না পেরে দুই হাজার টাকায় বাড়ির মোড়ে চা পানের দোকান বসান তিনি। স্ত্রী জোহরা বেগমও ধরেন সংসারের হাল। রাস্তায় কর্মসূচির কাজ করেন তিনি। স্কুল পড়–য়া একমাত্র ছেলেকে নিয়ে এভাবে দিন কাটছে পরিবারটির।

হঠাৎ একদিন বিপ্লবের বাড়িতে হাজির যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মণিরামপুর সদর দপ্তরের কর্মকর্তারা। বিপ্লবের পৈত্রিকসূত্রে পাওয়া দুই শতক ভিটেয় নিজেদের অর্থায়নে সেমি পাকাঘর করে দেওয়ার আশ^াস দেন তারা। আশ^াস অনুযায়ী একলাখ ৭২ হাজার টাকায় সংযুক্ত টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ রঙিন টিনের দুইকক্ষের ইটের ঘর নির্মিত হয়েছে বিপ্লবের ভিটেয়। ঘর পেয়ে হাসি ফুটেছে বিপ্লবের মুখে।

বিপ্লব মণিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের মৃত শহিদুল ইসলাম পাটোয়ারীর ছেলে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক প্রকৌশলী অরুন কুমার কু-ু বলেন, ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউএনও অফিসের সহায়তায় বিপ্লবের খোঁজ পাই। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহপ্রদান কর্মসূচির আওতায় আমাদের ১৭ জন কর্মকর্তা নিজেদের অর্থায়নে এক লাখ ৭২ হাজার টাকায় তাকে একটি ঘর করে দিচ্ছি। দ্রুত ঘরটি হস্তান্তর করা হবে। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান এই কর্মকর্তার।

বিপ্লব বলেন, আমগাছ থেকে পড়ে আমার সব শেষ হয়ে গেছে। দুই বছর চারমাস ধরে ভুগছি। দুই পা অকেজো হওয়ায় এখন হুইল চেয়ারে চলাফেরা করি। বংশে কেউ ভিক্ষুক ছিল না। তাই সেই কাজ করতি পারিনি। বাড়ির সামনে একটা দোকান দিছি। ওতে দিন চলে যাচ্ছে। বাঁশের খুঁটি আর টিনের বেড়ার ঘরে কষ্টে থাকিছি। ইটের ঘরে ঘুমোব ভাবতি পারিনি। পল্লী বিদ্যুতের স্যারেরা আমারে ঘর দিছে। আমি এখন সুখে আছি।