Home আঞ্চলিক উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট দিন- বিএম মোজাম্মেল

উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট দিন- বিএম মোজাম্মেল

9

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালবেসে মণিরামপুর পৌরসভা নির্বাচনে মাহমুদুল হাসানকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ জানুয়ারি শনিবার নৌকা মার্কায় ভোট দিন।

আসন্ন পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মণিরামপুর উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে পৌর আ’লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ’লীগের এই নেতা বলেন, নৌকা মার্কার প্রার্থী মাহমুদুল হাসান মানুষ গড়ার কারিগর ছিলেন। তিনি মানুষের জন্য কাজ করেন। মাহমুদুল হাসান মানে উন্নয়নের অগ্রগতি। বিগত পাঁচ বছরে মেয়র হিসেবে মণিরামপুর পৌরসভার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার হাতের ছোঁয়ায় মণিরামপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত হয়েছে। তাই এই উন্নয়ন ধরে রাখতে আপনারা আবারো নৌকায় ভোট দিবেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মোজাম্মেল হক বলেন, গত পাঁচ বছরের শাসনামলে (২০০১-২০০৬ সাল) বিএনপি দেশে সন্ত্রাস লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এবারের পৌরসভা নির্বাচনে তারা যেন নির্বাচিত হয়ে আবারো সেই সুযোগ না পায় সেজন্য নিজেদের উদ্যোগে দলকে সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে সেটা যেন প্রতিহিংসায় রুপ না নেয়।

পথসভায় নেতারা বলেন, ১৯৯৯ সালে মণিরামপুর পৌরসভা গঠিত হলে প্রথম মেয়র নির্বাচিত হন আমজাদ হোসেন লাভলু। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসারপর তারা লাভলুকে টেনেহেঁচড়ে সেখান থেকে নামিয়ে দিয়ে পৌরসভাকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।

মণিরামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এবং পৌর আ’লীগের সভাপতি আমজেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যশোর জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, ঝিকরগাছা-চৌগাছা উপজেলার সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি নৌকার প্রার্থী কাজী মাহমুদুল হাসান, যশোর সদর উপজেলা আ’লীগের সভাপতি মুহিত নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, মণিরামপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম প্রমুখ।