আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন। মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জোরেসোরে গণসংযোগ শুরু করেছেন। কেশবপুর পৌরসভায় মেয়র পদে পাঁচজনসহ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন প্রায় ৬০ জন। তবে মেয়র পদে আওয়ামী লীগের চারজন দলীয় মনোনয়ন পেতে মাঠে থাকলেও বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
নির্বাচনী তফসিল অনযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
ইতোমধ্যে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ সভা করে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল, সহসভাপতি মনিরুজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার নাম কেন্দ্রে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।
বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও তার অনুসারীরা ভোর হতে গভীর রাত পর্যন্ত ভোটারদের সাথে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছে। মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগের সুপারিশপ্রাপ্ত সহসভাপতি মনিরুজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার নেতাকর্মীরাও ভোটারদের কাছে দোয়া চাইছেন। এছাড়া, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র গণসংযোগে মাঠে রয়েছেন।
মঙ্গলবার তফসিল ঘোষণার পর শহরজুড়ে এখন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রাজনৈতিক কার্যালয়সহ সর্বত্র আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন কে হচ্ছেন নৌকার মাঝি।
এদিকে, বিএনপি থেকে মেয়র পদে কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবকে মেয়র আব্দুস সামাদ বিশ্বাস দলীয় মনোনয়ন চাইবেন। এছাড়া প্রতিটা ওয়ার্ডে ৫ থেকে ৬ জন করে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।











































