মোংলা প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমান বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব আরো বেড়ে গেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেনা। নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচনের পরে আপনারা সবাই মনে করবেন সকলেই আপনাদের ভোট দিয়েছে। কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা। তাঁর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। নির্বাচন পরবর্তী পরিবেশ-পরিস্থিতি ভালো রাখতে হবে। রবিবার দুপুরে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের নব নির্বাচিত মেয়র শেখ আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিথি নৌকা প্রতীকের নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। নব নির্বাচিত পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, পৌরবাসীর কাছে ভোট ভিক্ষা করে জয়লাভ করেছি। মানুষের আশা পূরণ করে যেন নৌকার সম্মান রাখতে পারি সেজন্য সকলের সহযোগিতা চাই। সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সকল কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।











































