ঢাকা অফিস
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এবারও সংসদের শীতকালীন অধিবেশন একদিনের জন্য সশরীরে কাভারের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। এজন্য তাদের করোনাভাইরাস রিপোর্ট (কোভিড-১৯) নেগেটিভ হতে হবে। এর আগে ১৫ জানুয়ারি সংসদের পক্ষ থেকে সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেয়া হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের জনসংযোগ-১ শাখার পরিচালক তারিক মাহমুদ। তিনি বলেন, সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেবেন। শুধু ওইদিন সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন। অন্য কার্যদিবসগুলো তাদের সংসদ টেলিভিশন দেখে কাভার করার অনুরোধ জানানো হয়েছে।
পরিচালক তারিক মাহমুদ কারণ ব্যাখ্যা করে বলেন, করোনা মহামারীর কারণে সংসদ অধিবেশন স্বশরীরে কাভার করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। এর আগের অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিলেন। ওইদিন কোভিড-১৯ পরীক্ষার পর একদিনের জন্য সংসদে প্রবেশের সুযোগ পান সাংবাদিকরা। তবে অধিবেশন না থাকলে সংসদে সাংবাদিকদের প্রবেশে কোন বাধা নেই।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এদিন বিকেল সাড়ে চারটায় অধিবেশন বসছে। এটি চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। আর ২০২১ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বক্তব্য দেন। এজন্য রাষ্ট্রপতির বক্তব্য ইতোমধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা থাকায় এবারের শীতকালীন অধিবেশনটি হবে কিছুটা দীর্ঘ। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য রুটিন মেনে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সমাপনী বক্তব্যের পর ভাষণটি সংসদে কণ্ঠভোটে গৃহীত হবে। জানা গেছে, শুধু সাংবাদিকরাই নন, একাদশ সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদেরও কোভিড-১৯ টেস্ট করাতে হবে। যেসব সংসদ সদস্যদের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ আসবে তারাই শুধু সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন। তবে এবারও সব সংসদ সদস্য এক সঙ্গে নয়, চীফ হুইপসহ সরকার ও বিরোধী দলের হুইপদের সঙ্গে আলোচনা করে রুটিন করে সর্বোচ্চ ৮০ থেকে ৯০ জনকে অধিবেশনে যোগদানের সুযোগ দেয়া হবে। যথারীতি স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সংসদ সদস্যদের আসন বিন্যস্ত করা হচ্ছে।









































