ঢাকা অফিস
দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন শেখ ফজলে নূর তাপস এমনটাই দাবি করলেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এছাড়া তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন বলেও অভিযোগ করেছেন সাবেক এই মেয়র।
শনিবার দুপুরে হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে, সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন। অন্যদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।
বর্তমান মেয়র তাপসকে পরামর্শ দিয়ে সাঈদ খোকন বলেন, আমি তাকে (তাপস) বলব, রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিন।











































