Home আঞ্চলিক খুলনায় বেড়িবাঁধ ছিদ্র করেই চলছে ঘের ব্যবসা

খুলনায় বেড়িবাঁধ ছিদ্র করেই চলছে ঘের ব্যবসা

11

অবৈধ পাইপ শনাক্ত করছে পাউবো * দুর্যোগে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা

স্টাফ রিপোর্টার

সরকারি নির্দেশনা মোতাবেক বেড়িবাঁধের ১শ মিটার দূরে ঘের করার নিয়ম থাকলেও তা মানছেন না স্থানীয়রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের বেড়িবাঁধ। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা।

এসব এলাকায় অবৈধ পাইপ শনাক্তের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে দাকোপে অভিযান চালিয়ে ১৫টি পাইপ অপসারণ করেছে সরকারি এ সংস্থাটি।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানিয়েছে, দাকোপ উপজেলার পানখালী এবং তীলডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪৭ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। দুর্বল বেড়িবাঁধ হওয়ায় তা সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

বড় কোনো দুর্যোগ এলেই এ বাঁধ টিকিয়ে রাখা সম্ভব হবে না। এ অবস্থার মধ্যেও স্থানীয়রা বেড়িবাঁধ ছিদ্র করে পাইপের মাধ্যমে লবণ পানির চিংড়ি ঘের করছেন।

সূত্রটি জানিয়েছে, এ দুই ইউনিয়নে ইতোমধ্যে ৬০টি পাইপ বসানো হয়েছে। এর মধ্যে গেল সপ্তাহে ১৫টি পাইপ উচ্ছেদ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ এর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, দাকোপের ৩১নং পোল্ডারের পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নে আমরা ৬০টি অবৈধ পাইপ বসানো পেয়েছি। প্রথম দিনে ১৫টি উচ্ছেদ করেছি। বাকিগুলোও করা হবে।

তিনি বলেন, এভাবে যত্রতত্র পাইপ বসানোর কারণে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। ফলে ছোটখাটো দুর্যোগেও ভেঙে যাচ্ছে এসব বেড়িবাঁধ। এ দুই ইউনিয়নের ৭০ শতাংশ জায়গায় লবণ পানি তুলে চিংড়ি ঘের করা হয়।

শুধু তীলডাঙ্গা বা পানখালী নয় কয়রার মহেশ্বরীপুর, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর, আমাদী, বটিয়াঘাটা ও পাইকগাছার অধিকাংশ উপজেলায় একইভাবে বেড়িবাঁধ ছিদ্র করে পানি উঠিয়ে ঘের করা হয়। এতে দুর্বল হয়ে যাচ্ছে বাঁধ। যে কারণে দুর্যোগ আসলেই বাঁধ ভেঙে নোনা পানি ঢোকে লোকালয়ে।

খুলনা জেলা মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, খুলনা জেলার ৯ উপজেলায় ১ লাখ ৪৮ হাজার ৭৬৪ হেক্টর কৃষি জমির মধ্যে লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ করা হয় ৫২ হাজার ১২ হেক্টর জমিতে। এর মধ্যে গলদা চিংড়ির খামার ১৯ হাজার ১৬ হেক্টর এবং বাগদা চিংড়ির খামার ২০ হাজার ৪৩০ হেক্টর জমিতে। ৬২ হাজার ৮৬৩ জন মৎস্যচাষি রয়েছে এ জেলায়।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ছাইদ বলেন, অধিকাংশ ঘেরেই লবণ পানি তুলে সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। আমরা চাষিদের উৎসাহিত করছি সেমিইনটেনসিভ বা আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে। এতে চাষিরা লাভবানও হবেন আবার পরিবেশ সুরক্ষা হবে। দাকোপ উপজেলায় এ পদ্ধতির প্রয়োগ অনেক বেড়েছে। অচিরেই খুলনার সব উপজেলায় এটি বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লবণ পানি ঢুকিয়ে ঘের করার বিষয়ে দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান বলেন, দাকোপের কিছু জায়গা আছে যেসব এলাকায় বাঁধ উপচে পানি ঢোকে। সেসব এলাকায় চিংড়ি ছাড়া অন্য কিছু হবে না। তবে লবণ পানিতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে স্বীকার করে তিনি বলেন, মজবুত বেড়িবাঁধ হলে হয়তো দীর্ঘদিন পর ওইসব এলাকায় ফসল ফলানো যাবে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পর চিংড়ি-কাঁকড়া ঘেরের অভিঘাত থেকে বাঁধ রক্ষায় ঘের করার দূরত্ব নির্ধারণ করে দিয়ে সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয় থেকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দেশের উপকূলবর্তী অঞ্চলগুলো নিকট অতীত ও সাম্প্রতিক সময়ে আইলা, সিডর, ফণী, বুলবুল ও আম্পানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে বা হচ্ছে। ফলে এসব এলাকায় বিপুল পরিমাণ ভৌত ও আর্থিক ক্ষয়ক্ষতিসহ সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

চিঠিতে বলা হয়, বাঁধঘেঁষে বা বাঁধের অত্যন্ত কাছে ঘের তৈরি করে স্থানীয়রা কাঁকড়া-চিংড়ি চাষ করছে। ঘের মালিকরা বাঁধের বিভিন্ন স্থানে যত্রতত্র পাইপ ঢুকিয়ে অপরিকল্পিতভাবে নিজস্ব সুবিধা অনুসারে গেট তৈরি করে পানি ঘেরে প্রবেশ করিয়ে থাকে।

ফলে বাঁধগুলো দুর্বল হয়ে পড়ে এবং বড় ধরনের জোয়ার বা জলোচ্ছ্বাসের কারণে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে জনপদে পানি প্রবেশ করে ও ঘেরের ক্ষতি হয়।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, সবুজ বিপ্লবের জন্যই বেড়িবাঁধ তৈরি করা হয়। তবে সে লক্ষ্য বাস্তবায়ন হয়নি। উচ্চ আদালতের রায়ই আছে উপকূলীয় পাঁচ জেলায় কোনো চিংড়ি চাষ করা যাবে না। ফলে সব আইন মানলে পরিবেশ রক্ষা পাবে।-যুগান্তর