Home আঞ্চলিক চা দোকানিকে খুন করে ধানক্ষেতে মাটিচাপা

চা দোকানিকে খুন করে ধানক্ষেতে মাটিচাপা

6

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ধান ক্ষেতে জালাল বিশ্বাস (৬০) নামে এক চা দোকানির লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে পুলিশ ঝাঁপা ইউপির খালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে। লাশের কপালে কোপের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

জালাল ওই গ্রামের মৃত আজিবার বিশ্বাসের ছেলে। স্থানীয় খালিয়া মোড়ে তার চা দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন।

বৃহস্পতিবার ভোর চারটা ১৫ মিনিটে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন জালাল। এরপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে বাড়ির অদূরে রাস্তার ধারে আব্দুল গনি নামে এক ব্যক্তির ধানক্ষেতে ফেলে মাথা ও মুখের উপর মাটিচাপা দিয়ে রাখে। সকালে খেজুরের রস পাড়তে গিয়ে আবু তালেব নামে একব্যক্তি লাশ দেখতে পান। এদিকে খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের এএসপি সোয়েব আহমেদ খান, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও রাজাগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, প্রতিদিন ফজরের আজানের আগে দোকানে যান আমার স্বামী। বৃহস্পতিবার একই সময়ে দোকানে রওয়ানা হন তিনি। পরে সকালে তার লাশের খবর পাই।

স্থানীয় ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, গ্রামে কারো সাথে জালালের শত্রুতা ছিল না।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ক বলেন, প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।