Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

16

মহানগর যুবলীগ নেতা দুলু’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম দুলু (৫১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। বুধবার ভোর চার টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে তিনি হাসাপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে সমবেদনা জানাতে ছুটে যান মহানগর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিকালে বাদ আসর ইকবালনগর জামে মসজিদে জানাযা শেষে নগরীর বসুপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। যুবলীগ নেতা নজরুল ইসলাম দুলুর মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে যান এবং তার জানাযায় অংশগ্রহন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য ও বঙ্গবন্ধু দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দীন বাবু, আওয়ামী লীগ নেতা শহিদুল হক মিন্টু, জামাল উদ্দীন বাচ্চু, আলী আকবর টিপু, মোঃ শাহজাদা, জেডএ মাহমুদ ডন, শেখ মোঃ ফারুখ হাসান হিটলু, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মোঃ শামিম, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াস, মনিরুজ্জামান সাগর, মোঃ আকিল উদ্দীন, অসিত বরণ বিশ^াস, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সিদ্দিকুর রহমান বুল বিশ^াস, তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরি মোঃ রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এসএম লায়েকউল্লাহ, আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, ফেরদৌস হোসেন লাবু, ফয়েজুল ইসলাম টিটো, চ.ম মুজিবুর রহমান, আবিদউল্লাহ আবিদ, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, আমির হোসেন, মোর্শেদ আহমেদ রিপন, মুন্সি নাহিদুজ্জামান, রজি ইসলাম নদী, মোঃ কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাড আলামিন উকিল, কাজী কামাল হোসেন, শওকাত হোসেন, শেখ মোহাম্ম্দ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কেএম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ মোর্তুজা শেখ, রফিকুল ইসলাম পিটু, মাসুদুর রহমান বিশ^াস, বিমান সাহা, বাচ্চু মোড়ল, মিজানুর রহমান মিজু, তসলিম মার্শাল, তমাল কান্তি ঘোষ, বিপুল মজুমদার, অমিতাভ ঘোষ, তাজদীর উর রহমান জয়, অভিজিৎ পাল, মেহেদী হাসান রাসেল, সাবেক যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক, মামুন কবির কচি, কবির মৃধা, মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা আসদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমাজ উদ্দীন রিপন, মাহামুদুর রহমান সুজন, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, এমএ হোসেন সবুজ, শাহীন আলম, রুমান আহমেদ, কাঞ্চন শিকদার, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, ইকবাল কবির লিটন, মাছুম উর রশীদ, ইব্রাহীম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ প্রমুখ।

যশোরে নতুন করে ৫ জনের করোনা ভাইরাস পজিটিভ

যশোর অফিস

সংক্রমণ করোনা ভাইরাসে যশোর জেলায় বুধবার ৬ জানুয়ারী নতুন করে ৫জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬শ’ ৫৪জন। মারাগেছে ৫৫জন ও সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩শ’ ৩৭জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো বলেছে, বুধবার ৬ জানুয়ারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৪৩ টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ১ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। একইদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। এছাড়া,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে র‌্যাপিট অ্যান্টিজেন্ট পরীক্ষা করানো হলে ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো বলা হয়েছে, এ যাবত যশোর জেলা থেকে ২১ হাজার ৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উক্ত দু’টি প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৫শ’ ১৮টি রিপোর্ট প্রেরন করেন। এর মধ্যে ৪ হাজার ৬শ’ ৫৪জন করোনা ভাইরাস পজিটিভ। আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ২শ’ ১৫জন পুরুষ ও ১ হাজার ৪শ’ ৩৯জন নারী। ৬ জানুয়ারী যশোর জেলায় নতুন করে আক্রান্ত ৫জনের মধ্যে ৪জন যশোর সদর উপজেলায় ও ১ জন বাঘারপাড়া উপজেলায়।

যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর অফিস

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম রওফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ জানুয়ারি) সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে মারা যান তিনি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিনকান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে একবছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরপর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন। ২০০০ সালের মার্চ মাসে সমীরকে ফেনী থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলর তুহিন আরো জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন। বুধবার সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই সমীরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

ঝিকরগাছায় এক টাকায় জমিসহ ঘর পেলেন ১৯ জন

যশোর অফিস

খুশি মরিয়ম বয়স আশির ওপরে। বয়সের ভারে ও রোগেশোকে ন্যুজ শরীরে বসেছিলেন। কী কাজে এসেছেন জানতে চাইলেই তিনি বলেন, সরকার ঘর দেছে তাই জমির দলিল নিতি আইছি। বুধবার সকালে খুশি মরিয়মের সাথে যশোরের ঝিকরগাছা উপজেলা ভূমি কার্যালয়ের সামনে দেখা হলে তিনি এসব কথা জানান। তিনি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত ললিত বিশ্বাসের স্ত্রী। দীর্ঘদিন সে সন্তানদের নিয়ে পরের জমিতে বাস করতেন।

বুধবার সকালে তাঁকেসহ ১৯ জন ভূমিহীনকে এক টাকায় জমি ও ঘর দেয়া হয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। উপজেলার বাঁকড়া, হাজিরবাগ, মাগুরা ও গদখালী ইউনিয়নে তাদেরকে এ ঘর দেয়া হয়েছে।

জমির দলিল পাওয়া নবীবনগর গ্রামের আক্কাস আলী (৫৭) জানান, ঘরসহ জমি পেয়ে সন্তানদের জন্য মাথাগোজার ঠাঁই হওয়ার তিনি জীবনে যেন স্বস্তি পেয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার নাজিব হাসান জানান, এক টাকার বিনিময়ে ১৯জন ভূমিহীনকে দুই শতক জমিসহ ঘর দেয়া হচ্ছে। এতে দুই কামরা ঘর, সংযুক্ত একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতাই এ জমি ও ঘর দেয়া হচ্ছে। এ মাসের ১৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্টানিকভাবে এসব ঘর হস্তান্তর উদ্ধোধন করবেন বলে তিনি জানান। জমির দলিল প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সকল কর্মকর্তা ও ইউনিয়ন তহসিলদাররা।

যশোরে যুবলীগনেতা টাক মিলনের বিরুদ্ধে এবার স্ত্রীর মামলা

যশোর অফিস

এবার যশোরের বহু বিতর্কিত যুবলীগ নেতা জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী সোনিয়া খাতুনকে মারপিটের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার রাতে হওয়ায় এই মামলায় তার সহযোগি হিসেবে প্রথম স্ত্রী সাথী বেগম, মেয়ে অন্তরা ও পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা উজ্জ্বল হোসেনকে আসামি করা হয়েছে।

টাক মিলন শহরের পুরনো কসবা কাঁঠালতলা এলাকার মৃত শেখ রুস্তম আলীর ছেলে ও যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান। তিনি জানান, সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন মিলনের দ্বিতীয় স্ত্রী সোনিয়া খাতুন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৩ বছর আগে জাহিদ হোসেন মিলন নড়াইল সদরের খাশিয়াল  গ্রামের মোল্লা ইউনুস আলীর মেয়ে সোনিয়াকে বিয়ে করেন। সোনিয়া জানতেন না তার স্বামীর আরও এক স্ত্রী আছে।

তবে বিয়ের দুই বছর পর তিনি জানতে পারেন তার স্বামীর শুধু স্ত্রী নয়, সন্তানও রয়েছে। বিয়ের পর তার স্বামী বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে তাকে সেখানে রেখে দিতেন। আর মাঝে মধ্যে স্বামী বাসায় তার কাছে যেতেন।

বর্তমানে তিনি পুরনো কসবা কাঁঠালতলায় আবদুস সালাম চাকলাদারের বাড়ির ভাড়াটিয়া। ২০২০ সালের জানুয়ারিতে ওই বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছেন।

এরই ২০০ গজ দূরে তার স্বামীর নিজস্ব চারতলা বাড়ি রয়েছে। সেখানে স্বামীর প্রথম স্ত্রী ও সন্তান বসবাস করেন। কিন্তু তার স্বামী কখনও ওই বাড়িতে তাকে নিয়ে যেতেন না।

২০২০ সালের ১৯ ডিসেম্বর তিনি হঠাৎ অসুস্থতাবোধ করলে তার স্বামী তাকে যশোর সার্কিট হাউসের সামনের ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড মেডিকেল সার্ভিসে নিয়ে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক তাকে জানান, তিনি এক মাস দুই দিনের গর্ভবতী। পরে বাসায় ফেরার পথে তার স্বামী জাহিদ হোসেন মিলন তাকে গর্ভের সন্তান মেরে ফেলার জন্য বিভিন্নভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখান।

কিন্তু তিনি স্বামীর এই প্রস্তাবে কখনও রাজি হননি। এরই একপর্যায়ে গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে মামলার ৪ নম্বর আসামি উজ্জ্বল হোসেন তার বাসায় যান এবং তাকে স্বামী জাহিদ হোসেন মিলনের নিজস্ব বাড়িতে যাওয়ার অনুরোধ করেন।

উজ্জ্বল হোসেনের সঙ্গে সঙ্গী আরিফ হোসেনসহ স্বামী জাহিদ হোসেন মিলনের বাড়িতে যান। চারতলার তৃতীয় তলায় গিয়ে সেখানে তিনি তার স্বামী জাহিদ হোসেন মিলন, প্রথম স্ত্রী সাথী বেগম ও মেয়ে অন্তরাকে দেখতে পান। তারা এ সময় তাকে গর্ভের সন্তান মেরে ফেলার জন্য ভয়ভীতি দেখালে তিনি এতে রাজি হননি।

এ কারণে সাথী বেগম ও তার মেয়ে অন্তরা তাকে চড় থাপ্পড় ও লাথি মারেন। চুলের মুঠি ধরে তাকে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

এ ছাড়া তারা একাধিকবার তার তলপেটে আঘাত করার চেষ্টা করেন। তার সঙ্গী আরিফ হোসেন তাকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।

এর পরও গর্ভের সন্তান মেরে ফেলতে রাজি না হলে স্বামী জাহিদ হোসেন মিলন এবং আসামি উজ্জ্বল হোসেন তার হাত ও চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে সিঁড়িতে নিয়ে আসেন। তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে তারা তাকে ছেড়ে দেন এবং গর্ভের সন্তান নষ্টে তাদের কথা রাজি না হলে তাকে খুন জখমের হুমকি দেয়া হয়। অবশেষে তিনি এ ব্যাপারে মামলা করেছেন।

এদিকে পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের ১২ জানুয়ারি দুবাই থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন জাহিদ হোসেন মিলন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।

যশোর বড়বাজারে শ্রমিক- ব্যবসায়ীদের ধর্মঘট

যশোর অফিস

যশোর  শহরের বড়বাজারের আটাপট্টিতে বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অনুব্রত সাহা মিঠুন নামে স্থানীয় এক বাসিন্দা বিভিন্ন সময় শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি দেওয়ায় তারা এ বিক্ষোভ ও ধর্মঘট পালন করে।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত ব্যবসায়ীদের ধর্মঘট চলে। পরে অভিযুক্ত মিঠুন ‘ক্ষমা চাওয়ায়’ বাজার কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানানো হয়েছে।

আটাপট্টির পদ্মা স্টোরের ম্যানেজার গণেশ চক্রবর্তী জানান, আজ ভোরে তাদের দোকানের সামনে পালু, শ্যামল, সাইদুলসহ কয়েকজন শ্রমিক ট্রাক থেকে মাল আনলোড করছিলেন। ওই সময় অনুব্রত সাহা মিঠুন এসে তাদের মা-বোন তুলে গালিগালাজ করেন। একইসাথে ট্রাক সরিয়ে নিতে বলেন। না হলে মারপিটের হুমকিও দেন। মিঠুনের দাবি, ভোরে মালামাল নামালে তার ঘুমের ডিস্টার্ব (ব্যাঘাত) হয়।

গণেশ চক্রবর্তী আরো বলেন, ‘বাজারের ভেতরে ভোরে ও রাতে মালামাল ঢুকতে দেয় প্রশাসন। ফলে লোড-আনলোডও ওই সময় করতে হয়। আমাদের কাছে কোনো বিকল্প নেই। বিষয়টি বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। এর আগেও অনুব্রত সাহা মিঠুন আমার প্রতিষ্ঠানের মালিকের মা-বোন তুলে গালিগালাজ করেছেন। উনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন বলে ভয়ে কেউ কিছু বলে না। তবে আজ শ্রমিকরা জানিয়ে দেয়, তারা বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কাজ করবেন না। যে কারণে ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে দেয়।’

এই বিষয়ে জানতে চাইলে পদ্মা স্টোরের মালিক সোহান ইসলাম বলেন, ‘বাজারের ব্যবসায়ী রামকুমার পোদ্দার ঘটনাস্থলে ছিলেন। তিনি আমাকে ফোন করে শ্রমিকদের বিক্ষোভ ও ব্যবসায়ীদের দোকান বন্ধের কথা জানান। এরপর আমি বিষয়টি বাজার কমিটির সভাপতিকে জানাই। পরে শুনেছি বিষয়টি মীমাংসা হয়েছে।’

ব্যবসায়ী রামকুমার পোদ্দার বলেন, ‘শ্যামল নামে এক শ্রমিককে গালিগালাজ করেন অনুব্রত সাহা মিঠুন। যে কারণে শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়। শ্রমিকরা কাজ না করলে দোকান চলে না। সে কারণে ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে দেয়। দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনা একদিনের নয়। অনুব্রত সাহা মিঠুন প্রায়ই ঘুম নষ্টের অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ী, শ্রমিকদের আপত্তিকর ভাষায় গালিগালাজ করে। যে কারণে আজ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে বাজার কমিটির সভাপতির হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়েছে।’

এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আমি বিষয়টি প্রশাসনকেও অবহিত করি। পরে অনুব্রত সাহা মিঠুনকে খবর দিয়ে উভয়পক্ষকে নিয়ে বসি। বৈঠকে মিঠুন দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে। এরপর দুপুর দুইটার কিছুসময় পর ব্যবসায়ীরা দোকান খোলে এবং শ্রমিকরা কাজে যোগ দেয়।’

এদিকে, অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অনুব্রত সাহা মিঠুন বলেন, শ্রমিক ও ব্যবসায়ীদের কোনো প্রকার গালিগালাজ করা হয়নি। বাজারের ব্যবসায়ী রাম সাহা ও নন্দলাল বড় বড় ট্রাক বোঝাই করে মালামাল ছোট্ট সড়কটি প্রবেশ করায়। তাদের কারণে একটি কালভার্ট ও বৈদ্যুতির খাম্বা ক্ষতিগ্রস্থ হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। যে কারণে প্রায় তাদের ট্রাক ঢুকাতে নিষেধ করা হয়। সে বিষয়ে আজ বৈঠক ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ট্রাক কালভার্ট অতিক্রম করবে না।

‘আসলে আমি বলতে চাই না, ওখানে একজন ব্যবসায়ী চোরাই চিনির ব্যবসায় করেন। তিনি বিষয়টি ভিন্নখাতে নিচ্ছেন,’ যোগ করেন মিঠুন।

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয় দফায় রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের ২য় বর্ষপুর্তী উপলক্ষ্যে বুধবার (৬ জানুয়ারী) বিকাল ৪.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

বক্তৃতা করেন, সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায় ও রফিকুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক তারিক হাসান মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী কেরামত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. মনোরঞ্জন মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, খালেদীন রশীদী সুকর্ণ, উপ-দফতর সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, নির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি, ননী গোপাল মন্ডল, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, শেখ শহিদুল ইসলাম, কামাল উদ্দিন বাদশা, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, রবার্ট নিক্সন ঘোষ, মোঃ জামিল খান, এছাড়া জয়েন্তি রানী সরদার, অধ্যপক জুলফিকর আলী জুলু, সরদার জাকির হোসেন, মোতালেব হোসেন মিয়া, হাজী খান সাইফুল ইসলাম,দেব দুলাল বাড়ই বাপ্পি, মুসফিকুর রহমান সাগর, ইমরান হোসেন, মোঃ রাসেল ভুলু, রেজাউল ইসলাম রেজা, মারুফ হোসাইন, মৃণাল কান্তি বাছাড়, খায়রুল বাশার প্রমুখ।

সভা শেষে এছাড়াও প্রধানমন্ত্রীর চাচী, শেখ হেলাল উদ্দিন এম.পি’র মাতা রাজিয়া নাসের, প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সর্দার মোতাহার হোসেন, মহানগর যুবলীগের সদস্য নজরুল ইসলাম দুলু’র  মৃত্যুতে দোয়া এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এড. ফরিদ আহম্মদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মদ খান জবার রোগমুক্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। নবগঠিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পনের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় যাবার সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী। বুধবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এসাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতা এস.এম কামাল বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ.টি.এন বাংলার সিনিয়র সাংবাদিক এস,এম হাবিব, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দফতর সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট প্রমুখ।

ড্রাগন ও সৌদি খেজুরে স্বপ্ন দেখছেন সাইফুল ইসলাম

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের সফল চাষী সাইফুল ইসলাম ড্রাগন ফল ও সৌদি খেজুরের আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি ৮ মাস আগে বাণিজ্যিকভাবে ৮ বিঘা জমিতে ড্রাগন, ৫ বিঘা জমিতে সৌদি খেজুর, ৪ বিঘা জমিতে বেগুনসহ হরেক রকমের সবজি আবাদ করেন। এছাড়া তার ক্ষেতে ড্রাগনের সাথে মিশ্র ফসল হিসেবে বেগুন, ঝাল, ওল ও চাল কুমড়ার আবাদ রয়েছে। তার এ আধুনিক প্রযুক্তির আবাদ উপজেলা ব্যাপী সম্প্রসারণেও তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা সরেজমিনে তার ক্ষেত পরিদর্শন করে দিকনির্দেশনা দেন।

সাতবাড়িয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম পরিকল্পনা নেন ড্রাগন ফল ও সৌদি খেজুরের আবাদ করার। ৬ মাস আগে তিনি বাণিজ্যিকভাবে ৮ বিঘা জমিতে ড্রাগন, ৫ বিঘা জমিতে সৌদি খেজুর, ৪ বিঘা জমিতে বেগুনসহ হরেক রকমের সবজি আবাদ করেন। এছাড়া মিশ্র ফসল হিসেবে তিনি ড্রাগন ও সৌদি খেজুর ক্ষেতে বেগুন, ঝাল, ওল ও কুমড়ার আবাদ করেন। ফসলের নিয়মিত পরিচর্যা করায় তিনি বাম্পার ফলনের আশা করছেন।

সফল চাষী সাইফুল ইসলাম জানান, যশোরের পলাশীর রুদ্রপুর পার্কের পাশে ড্রাগন ফলের আবাদ দেখে তিনি উদ্বুদ্ধ হন। পরবর্তীতে সেখান থেকে এ গাছের কান্ড সংগ্রহ করে ক্ষেতে লাগিয়ে নিয়মিত পরিচর্যা করতে থাকেন। তার ক্ষেতে ২৫’শটি সিমেন্টের তৈরী পিলার পোতার কাজ সম্পন্ন হওয়ায় দৃশ্যমান হয়েছে ড্রাগন ক্ষেত। তার এ পর্যন্ত পিলার প্রতি এক হাজার টাকা করে খরচ হয়ে গেছে। বর্তমান ড্রাগন ক্ষেতে রিং ও টায়ার স্থাপণের কাজ চলছে। ইউটিউবে ড্রাগন ফলের আবাদ দেখে তিনি সে মোতাবেক চাষাবাদ শুরু করেন। তার খেজুর ক্ষেতে বারী, খলিজি ও খালাদ জাতের খেজুর গাছ রয়েছে। যা কাঁচা খাওয়া যায়। ক্ষেতে সার হিসেবে কম্পোষ্ট, ফসফেট, পটাশ, বোরন, জিংক ও ইউরিয়া ব্যবহার করেছেন। এতে তার প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে বেগুন গাছে ফল ওঠা শুরু হয়েছে। তার ক্ষেতের ফসলের পরিচর্যায় সার্বক্ষণিক ২০ জন শ্রমিক কর্মরত রয়েছে। এ পর্যন্ত তার যে ব্যয় হয়েছে তা শুধু বেগুন বিক্রি করেই উঠে যাবে বলে তিনি আশা করছেন। সাইফুল ইসলাম শুধু একজন ড্রাগন ফলের চাষী হতে চান না। তিনি ড্রাগন ফলের আবাদ উপজেলা ব্যাপী ছড়িয়ে দিতেও কাজ করছেন। তার ক্ষেতের উৎপাদিত ড্রাগন গাছের কান্ড উপজেলা ব্যাপী কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার আশা রয়েছে তার। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোক আসছে তার ক্ষেতের ড্রাগন গাছ দেখতে।

সরেজমিনে তার ক্ষেতে গিয়ে দেখা গেছে, প্রতিটি পিলারে ৪টি করে ড্রাগন গাছ লাগানো হয়েছে। ড্রাগন ক্ষেতের ভেতর সারিবদ্ধভাবে এক পাশে বেগুন, অন্যপাশে ঝাল, চারপাশ দিয়ে ওল ও মেটে আলুর আবাদ করা হয়েছে। মাঝেমধ্যে মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার গাছ আছে। পোকার আক্রমন থেকে ফসলকে রক্ষায় ক্ষেতে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। ফসলের ক্ষতিকর পোকা দমনে সন্ধ্যার পর ক্ষেতে আলোর ফাঁদ পাতারও ব্যবস্থা আছে। তিনি ক্ষেতে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন বলেই তার সবজির বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, তার ড্রাগন ক্ষেত ইতোপূর্বে কয়েকবার পরিদর্শন করা হয়েছে। এ দেশের আবহাওয়ায় ড্রাগন ফল খুবই উপযোগী। ড্রাগন ফল পুষ্টিগুণে ভরপুর। খেতেও খুব সুস্বাদু। একবার লাগালে ৩০ থেকে ৩৫ বছর ফল খাওয়া ও বাজারজাত করা যায়। সব সময় নতুন জাতের ফসল আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। দিন দিন কৃষকরা এসব ফসল আবাদে ঝুঁকছে।

মণিরামপুর উপজেলায় নিয়ম মেনে অফিসে আসেননা কর্মকর্তারা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে নিময় মেনে অফিসে না আসার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে তারা কেউ সকাল নয়টায় অফিসে ঢোকেন না। নানা অজুহাত দেখিয়ে তারা দেরিতে অফিসে আসেন। অনেকে আবার অফিস ছাড়েন বিকেল পাঁচটার আগে।

বুধবার সরেজমিন সকাল নয়টা সাত মিনিট থেকে নয়টা ৩৮ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের সব দপ্তর ঘুরে কোন কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি। কিছু দপ্তরের মেইন ফটকে বা দপ্তর প্রধানের কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। তবে এসময় বিএডিসি অফিসের সহকারী প্রকৌশলী সন্তু সাহাকে অফিসে বসে কাজ করতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, বেশিরভাগ দপ্তরের কর্মকর্তারা দশটার পরে অফিসে আসেন। যদিও নীতিমালায় রয়েছে, অফিসের কর্তারা সকাল নয়টার মধ্যে অফিসে আসবেন। তারপর কাজ থাকলে বাইরে যাবেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের কক্ষের দরজা খোলা, তিনি নেই। মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের কক্ষের তালা খোলা দরজা বন্ধ, ভিতরে তিনি নেই। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের দপ্তর খোলা থাকলেও ভিতরে তাকে পাওয়া যায়নি। জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহাকারী প্রকৌশলী জয়দেব দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন ও আনসার ভিডিপি অফিসের প্রধান ফারুক হোসেনের দপ্তরে তালা ঝুলছে। উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আশিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী সানাউল হকের কক্ষ খোলা থাকলেও তারা অফিসে ছিলেন না। পিআইও অফিসেও কক্ষগুলো তালাবদ্ধ ছিল। সমাজসেবা অফিসে এমএলএসএস রুমাকে ছাড়া কাউকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিস এবং একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলছে। উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী বিএম আজাদ হাসান ছাড়া কাউকে পাওয়া যায়নি। আর মাধ্যমিক শিক্ষা অফিসে ছিলেন দুইজন পিওন। পাওয়া যায়নি সহকারী সেটেলমেন্ট অফিসার ইব্রাহীম মিয়া ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামনু হোসেন খানকেও।

অফিসপাড়া ঘুরে এসে মোবাইল ফোনে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশচন্দ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মাহাতাবুল আলম যশোর অফিসে আছেন। আর উপজেলা প্রকৌশলী সানাউল হক সাইড দেখতে গেছেন এবং শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস অফিসের উদ্দেশে বেরিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব কর্মকর্তাদের সবাই যশোর থেকে এসে অফিস করেন।

৯টা ৫০ মিনিটে কথা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সাথে। তিনি তখনও বাসায় ছিলেন। আর মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, তিনি ৯টা ১০ মিনিটের পরে উপজেলা চত্বরের কোয়াটার থেকে বেরিয়েছেন। পিআইও আব্দুল্লাহ বায়েজিদ বলেন, সকাল আটটায় কর্মসূচির কাজ দেখতে রোহিতা ইউনিয়নে গিয়েছিলাম। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীক),বিআরডিবি সরদার আব্দুর সবুর দুই দিনের ছুটিতে আছেন।

জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, সব দপ্তরের কর্মকর্তাদের চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে সবাই যেন বৃহস্পতিবার থেকে নয়টার মধ্যে অফিসে হাজির হন।

খুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ।

২৯ গরুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে অবৈধ ব্যাটারি কারখানার এসিড ও সিসার বিষক্রিয়ায় গবাদী পশুর মৃত্যু ও জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাত সদস্যের একটি দল আক্রান্ত এলাকায় কাজ শুরু করেছে।  বুধবার (৬ জানুয়ারি) সকালে বারাশিয়া গ্রামে গিয়ে ব্যাটারি কারখানা এলাকায় বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন তদন্ত দলের সদস্যরা। এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, তদন্ত দলটি অন্তত তিন দিন মাগুরায় অবস্থান করবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে তারা ঢাকা থেকে মাগুরায় এসেছেন। ইতোমধ্যে তারা জেলা স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতালের জরুরি বিভাগ, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর, প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। বর্তমানে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তদন্ত কাজ শেষ হলে তারা সিভিল সার্জনের দফতরে প্রতিবেদন দাখিল করবেন। সে অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। আইইডিসিআর এর মেডিক্যাল অফিসার ডাক্তার সোহেল রহমান সাত সদস্যের এই তদন্ত দলে নেতৃত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, মাগুরা সদরের বারাশিয়া গ্রামে গত বছরের শেষ দিকে ২৯টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক গরু। পাশাপাশি শিশুসহ তিন জনের শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে। অবৈধ ব্যাটারি কারখানার এসিড ও সিসার বিষক্রিয়ায় এসব ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর ওই ব্যাটারি কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি গরুর মৃত্যুর কারণ ও জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। এরপর এই তদন্ত টিম মাগুরায় এসে কাজ শুরু করলো।

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে সাতক্ষীরার ১৩০০ পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতক্ষীরায় নতুন ঘর পাচ্ছে ১৩০০ গৃহহীন পরিবার। আগামী মার্চের মধ্যে এগুলোর নির্মাণ শেষ করতে চায় জেলা প্রশাসন। ইতোমধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলায় ৯৩৮টি গৃহনির্মাণ কাজ শুরু হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৩০টি, তালা উপজেলায় ৭৫টি, কলারোয়া উপজেলায় ৩০টি, আশাশুনি উপজেলায় ৩৪৭টি, দেবহাটা উপজেলায় ২৯টি, কালিগঞ্জ উপজেলায় ৩৭টি ও শ্যামনগর উপজেলায় ২৯০টি আশ্রয়হীন পরিবারের জন্য প্রস্তুত হচ্ছে। ইতোমধ্যেই নির্মাণাধীন এসব বাসগৃহের নির্মাণ কাজ দুই তৃতীয়াংশ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকিগুলোর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে গত ১ডিসেম্বর ২০২০ এসব গৃহ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। আগামী মার্চের মধ্যে এসব ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর দেওয়া হবে। জানা গেছে, প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি রুম, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্নাঘর। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসরণ করে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের তত্ত্বাবধানে সংশ্লিষ্টরা সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেন। কারও এক বা দুই শতাংশ জায়গা আছে কিন্তু ঘর নেই বা ঘর আছে কিন্তু তা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের এই ঘর দেওয়া হচ্ছে। এছাড়া যে পরিবারে পুরুষ সদস্য নেই বা পুরুষ সদস্য আছে কিন্তু তার বয়স ৬৫ বছরের ওপরে এমন পরিবারকেও ঘর দেওয়া হচ্ছে। এর সঙ্গে নদীভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছেন তারা তো রয়েছেই।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরার সাতটি উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম ধাপে মোট ১৩০০ গৃহহীন পরিবার নতুন ঘর পাবেন। ইতোমধ্যে সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে কিছু কিছু এলাকায় খাস জমির অভাবে সেখানে এ প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সরকারের নির্দেশনা মেনেই প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোনও অনিয়ম দুর্নীতি ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ভোমরা বন্দর দিয়ে এলো আরও  ৫২৩ মে. টন ভারতীয় পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই বন্দর দিয়ে ২১টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৫২৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার চতুর্থ দিনে ২১টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ৫২৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে, গত চারদিনে ৭২টি ট্রাকে ১ হাজার ৮১৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে তিনি জানান। প্রসঙ্গত: বাংলাদেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। ফলে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করায় দেশি পেঁয়াজ চাষকারী কৃষকদের দাম না পাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য কৃষক ও ব্যবসায়ীরা আপত্তি জানালেও অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের দাবি কানে তোলেনি সরকার। বিশেষ করে গত দুইবছর ধরে দেশের বাজারে কয়েক মাসের জন্য ভারতীয় পেঁয়াজ ঢোকা বন্ধের সুযোগ নিয়ে আমদানিকারক, আড়ত মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অস্থিরতা তৈরি করায় এ বছর পেঁয়াজের ভরা মৌসুমেই ভারতীয় পেঁয়াজ আমদানিতে বাধা দেয়নি সরকার। এছাড়াও দেশি পেঁয়াজের সঙ্গে এসব ভারতীয় পেঁয়াজ মিশিয়ে অসাধু ব্যবসায়ীদের দেশি পেঁয়াজ বলে চালিয়ে দেওয়ারও আশঙ্কা রয়েছে। এ ধরনের অপকর্মও গত দুই বছর ধরে চালিয়ে আসছে কিছু আড়তদার ও পাইকারি ব্যবসায়ী।

সাতক্ষীরা মেডিক্যালে শিশু ধর্ষণের চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি

কম্বল দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে এক শিশুকে (১২) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়রা জানাতে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। অভিযুক্তের নাম মিন্টু হোসেন নক্কু। সে বাকাল ইসলামপুর গ্রামের হযরত আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রাতে জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মিন্টু হোসেন নক্কুকে আসামি করে থানায় এজাহার দাখিল করেছেন। রাতেই মামলা রেকর্ড করা হবে।

নড়াইলে কর্মসৃজন প্রকল্পে হরিলুট

নড়াইল প্রতিনিধি

২০২০-২১ অর্থবছরে নড়াইলের কালিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ের ৪০ দিনের কাজে শ্রমিকের তালিকা প্রস্তুতে অনিয়ম, শ্রমিক অনুপস্থিতি, তদারকির অভাব ও হরিলুটের পরিকল্পনায় প্রকল্প ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে- অনুপস্থিত শ্রমিকদের হাজিরা দেখিয়ে কাজ শেষ না করেই শ্রমিকদের ৩৫ দিনের মজুরির টাকার বড় অংশই সংশ্লিষ্টরা হরিলুট করে নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়া উপজেলার ইউনিয়নগুলোতে গৃহীত কিছু প্রকল্পে গত ৩৫ দিনে শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। সিংহভাগ প্রকল্পেই আংশিক কাজ করে মেয়াদ শেষের আগে ৩৫ দিনের মাথায় গত ৩০ ডিসেম্বর কর্মকর্তারা প্রকল্পগুলোর কাজ স্থগিত করে দিয়েছেন। এছাড়া শ্রমিকের তালিকা প্রস্তুতে সরকারি নিয়ম লঙ্ঘন করে শিশুশ্রমিক দিয়ে মাটি কাটার কাজ করানো হচ্ছে বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, জন্য চলতি অর্থবছরে অতিদরিদ্রদের বাস্তবায়নাধীন কর্মসৃজন প্রকল্পের প্রথমপর্যায়ে উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৮টি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়। ওই সব প্রকল্পের অনুকূলে ১ হাজার ২৩৯ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। সরকারি বিধান অনুযায়ী- এসব প্রকল্পের একজন শ্রমিক প্রতিদিন ৩৫ ঘনফুট মাটি কাটার বিনিময়ে ২০০ টাকা হারে মজুরি পেয়ে থাকেন। গত বছর ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ৪০ দিনের ওই কর্মসূচির কাজ চলতি বছর ৬ জানুয়ারি শেষ হওয়ার কথা। বিভিন্ন ইউনিয়নে ওই সব প্রকল্পের খোঁজ নিতে গিয়ে জানা গেছে, গত ৩৫ দিনে পেড়লী ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ৩টি প্রকল্পেই কাজের কোনো নমুনা পাওয়া যায়নি। দু’টি প্রকল্পের কাজ আংশিকভাবেই শেষ করা হয়েছে। প্রকল্প চেয়ারম্যানরা বলেছেন, শ্রমিক নিয়োগ ও স্থানীয় সমস্যার কারণে তারা কাজ করতে পারেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি।

চাচুড়ী ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্পের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। ওই ইউনিয়নের ‘দাদনতলা মিজান মোল্যার বাড়ি থেকে শামছু মোল্যার ঘের অভিমুখী রাস্তা মাটি দ্বারা উন্নয়ন’ প্রকল্পে গিয়ে ২২ জন শ্রমিকের স্থলে ৩ শিশুসহ ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুরা বদলি শ্রমিক হিসেবে কাজ করছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাচ্চু মিয়া বলেন, ১৪ জন শ্রমিক নিয়মিত কাজ করে থাকেন। বাকি আট জন শ্রমিক অফিসের হিসেবে রয়েছে। এর বেশি আর কিছু তিনি বলতে রাজি হননি। শিশুশ্রমিক কাজ করে কিনা তিনি জানেন না বলে দাবি করেন। একই ইউনিয়নের ‘কৃষ্ণপুর মুরালী বিশ্বাসের বাড়ি হতে বিল্লাল খার বাড়ি অভিমূখী রাস্তা মাটি দ্বারা উন্নয়ন’ প্রকল্পে গিয়ে ২২ জন শ্রমিকের স্থলে ১৭ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল ইসলাম বিপুল বলেন, প্রকল্পের কাজ চলছে। শ্রমিক অনুপস্থিতির বিষয়টি অস্বীকার করে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক অনুপস্থিতির কারণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ বেশিরভাগই আংশিক সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকের তালিকা তৈরির ক্ষেত্রে ব্যাপক অনিয়মের কারণে অনেকেই প্রকল্পের কাজে যোগ দেন না। যে কারণে গত ৩৫ দিনে উপজেলার বেশিরভাগ প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ করেই বরাদ্দকৃত টাকার অর্ধেক সংশ্লিষ্টরা তুলে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছরিন সুলতানা বলেন, জেলার তিনটি উপজেলার দায়িত্বে থাকার কারণে সব কিছুর খেয়াল রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ছে। প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, অনিয়ম ও নানা সমস্যার কারণে উপজেলার কর্মসৃজন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ বৃদ্ধি হলে আবার কাজ শুরু করা হবে।

সরকার ভারত থেকে ১ লাখ মেঃ টন নন বাসমতি এবং ৫০ হাজার মেঃ টন আতপ চাল আমদানি করবে

ঢাকা অফিস

সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন-বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল আমদানি করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে এই বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রীসভার ভার্চ্যুয়াল বৈঠকে আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এক ভার্চ্যুায়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে সরকার টু সরকার ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল সংগ্রহ করা হবে।

বৈঠকে আরেকটি প্রস্তাবে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ১৯ রোগীদের চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে সরঞ্জাম,ওষুধ, অন্যান্য উপকরণ এবং পরিষেবা সংগ্রহের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতিগত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০.২৬ কোটি টাকা।

মাগুরায় চাষির ঘরে মণ মণ মধু, বিক্রিবাট্টা ধীর

মাগুরা প্রতিনিধি

সরিষা ক্ষেতে বিপুল পরিমাণ মধু উৎপাদন হলেও মহামারীর কারণে বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন মাগুরার মৌ চাষিরা। গতবছর এ সময়ে জেলার বেশিরভাগ খামারির মধু বিক্রির বায়না হয়ে গিয়েছিল বলে ব্যবসায়ী ও কৃষি বিভাগ জানিয়েছে। এবার মহামারীর মধ্যে মধু বিক্রিতে ‘সাময়িক মন্দাভাব’ দেখা দিলেও কিছুদিন পর স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। সদর উপজেলার বাল্য, ডেফুলিয়া, তেঘরিয়া, বালিয়াডাঙ্গা, বেঙ্গা বেরইল, মঘি, আঙ্গারদহসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। সেখানে মৌ চাষিরা মধু সংগ্রহের জন্য অসংখ্য বাক্স বসিয়েছেন। গ্রামের প্রায় প্রতিটি মাঠে যেন হলুদ চাদর বিছানো। সরিষা ফুলের গন্ধ আর মৌমাছির গুঞ্জরণে মধুময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে একেকজন মৌ চাষি ১৫ থেকে ২০ মণ করে মধু সংগ্রহ করেছেন। তবে ক্রেতার অভাবে বিক্রি না হওয়ায় তারা বিপাকে পড়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখান থেকে মধু কিনে নিয়ে বাজারে তোলেন বলে জানান এই মৌ চাষি। তিনি বলেন, চলতি মৌসুমে তিনি সরিষা ফুল থেকে ২০ মন মধু সংগ্রহ করেছেন। গত বছর এই সময়ে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা মধুর জন্য বায়না দিয়েছিলেন। এ বছর এখনও মধু কেনার জন্য কোনো কোম্পানি বা বাইরে থেকে কোনো ‘পার্টি’ আসেনি।

“স্থানীয়ভাবে খুচরা দুই-পাঁচ কেজি মধু বিক্রি হলেও জেলার অধিকাংশ মৌখামারির একই অবস্থা, যে কারণে অধিকাংশ খামারির উৎপাদিত প্রায় সব মধুই ঘরে পড়ে আছে।” সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সজল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌ-বাক্স স্থাপনের মাধ্যমে মধু আহরণের পাশাপাশি পরাগায়নের ফলে সরিষার উৎপাদনও দ্বিগুণ বৃদ্ধি পায়। “মহামারীর শুরুতে মধুর ব্যাপক চাহিদা ছিল। সে সময় অনেকে বেশি পরিমাণ মধু সংগ্র করেছেন, যা এখনও ঘরে মজুদ রয়েছে। এ কারণে এখন মধুর চাহিদা কম।”    কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জানান, চলতি মৌসুমে জেলায় ১৪ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সরিষা ক্ষেতের পাশে মৌ চাষিরা ‘প্রায় দেড় হাজার’ মৌ-বাক্স স্থাপন করেছেন, যেখান থেকে কমপক্ষে ৫ মেট্রিক টন মধু সংগৃহীত হবে।

জেলায় ১৫ জন বড় মৌ চাষি থাকলেও ছোটোখাটো আরও অনেকে মধু সংগ্রহ করেন। গতবছর এ সময়ের মধ্যে প্রায় সব মধু বিক্রি হয়েছিল বলে সুশান্ত জানান। তিনি বলেন, “শুরুতে কিছুটা মন্দাভাব থাকলেও ইতোমধ্যে ব্যবসায়ীরা মাগুরা থেকে মধু সংগ্রহ করতে শুরু করেছেন। করোনার প্রাদুর্ভাব কেটে গেলে মধু বিক্রি বৃদ্ধি পাবে এবং মৌ খামারিরাও লাভবান হবেন।”     

কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

ঢাকা অফিস

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৭ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনের। বুধবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন। এর মঙ্গলবার করোনায় ২০ জনের মৃত্যু হয়। মহামারি এ ভাইরাস শনাক্ত হয় ৯৯১ জনের। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৬৭২ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৬৭ হাজার ৫৮৫ জনে। পাশাপাশি করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ৭৯৯ জন। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫৭ হাজার ১৫৬ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ৫৬ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৮ লাখ ১০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৩২ জনের। রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (৩২ লাখ ৫০ হাজারের বেশি), ফ্রান্স (২৭ লাখ ৩৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২৭ লাখ ৮২ হাজারের বেশি) ও তুরস্ক (২২ লাখ ৭০ হাজারের বেশি)। মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২৮ হাজার ৮২২ জন)। তারপর যুক্তরাজ্যে ৭৬ হাজার ৪২৮ জন, ইতালিতে ৭৬ হাজার ৩২৯ জন ও ফ্রান্সে ৬৬ হাজার ৪১৭ জন মারা গেছেন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭০ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯১ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৬২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৭৬ শতাংশ। নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৪ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৩১ জন বা ৭৬ দশমিক ০৩ শতাংশ এবং নারী ১ হাজার ৮৩৯ জন বা ২৩ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৯৪৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ২৯ শতাংশ।

ছোট ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত কাদেরের

ঢাকা অফিস

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছোট ভাই আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাইয়ের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, দলের নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়।  বুধবার (৬ জানুয়ারি) আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলীয় শৃঙ্খলার ইস্যুতে কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি পার্টি, এই পার্টিতে সভাপতি শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। আমরা কেউ নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে নই। দল করলে দলের নিয়ম কানুন সবাইকে মেনে চলতে হবে। দলের শৃঙ্খলা মেনে সবাইকে চলতে হবে। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় কমিটি, দলীয় সভাপতির সভাপতিত্বে ব্যবস্থা নিয়ে থাকে এবং ব্যক্তিগতভাবে সভাপতি শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। নিজের অবস্থান পরিষ্কার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনা ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউ ছাড় পাব না। নিজের ভাই বলে কাদের মির্জা ছাড় পাবেন- এমনটি না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি এটা বিশেষ কারও ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয় নয় এবং সুযোগও নেই। ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার তিন বারের মেয়র। আগামী ১৬ জানুয়ারির ভোটে তিনি আবার প্রার্থী হয়েছেন। গত রোববার হঠাৎ সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমর্থকদের নিয়ে তিনি রাস্তা অবরোধ করেন। দাবি করেন নোয়াখালী জেলা প্রশাসনের পদত্যাগের। সেদিন কাদের মির্জার একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। এ সময় তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীতে ক্ষমতাসীন দলের বেশিরভাগ সংসদ সদস্যরা সুষ্ঠু ভোটে জিততে পারবেন না। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বিরুদ্ধে সন্ত্রাসী লালন, চাকরির নিয়োগে ঘুষ আদায়সহ নানা অভিযোগও আনেন তিনি। এই বক্তব্য স্বভাবতই তুমুল আলোচিত হয়েছে। বিএনপি বলেছে, তারা যে ভোটে কারচুপির অভিযোগ আনেন, সেটি প্রমাণ করেছেন খোদ ওবায়দুল কাদেরের ভাই। তার ভূয়সী প্রশংসাও করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাদের মির্জা অবশ্য দুই দিনের মধ্যে কথা ঘুরিয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, তার বক্তব্যের খ-িত অংশ প্রচার করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে বৃহত্তর নোয়াখালীতে বিএনপির দুর্গ ভেঙে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু কোনো কোনো গণমাধ্যমে সেগুলো বিস্তারিত উল্লেখ না করে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে আমার বক্তব্যের খ- অংশ বিশেষ প্রকাশ করেছে।

কাদের মির্জা বলেন, আমি শুধুমাত্র বৃহত্তম নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে নানা অনিয়মের কথা বলেছিলাম। জাতীয় ইস্যুতে আমি কোনো বক্তব্য রাখিনি। ওবায়দুল কাদেরের ভাইয়ের ওই কর্মসূচি নিয়ে এলাকায় এখনো আলোচনা তুমুল। কারণ, নির্বাচন এলে বিরোধী পক্ষ যে অভিযোগগুলো করে থাকে সেটি বসুরহাটে নেই। মির্জার দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসাইনের ভোটের পরিবেশ নিয়ে আপত্তি তো নেইই, বরং বাংলাদেশে বিরোধীদের মধ্যে যে ঢালাও অভিযোগের প্রবণতা আছে, তার বিপরীতে গিয়ে তারা বলছেন, এলাকায় নির্বাচনের পরিবেশ ভালো আছে।

উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের শুনানি পিছিয়ে ৩০ জানুয়ারি

ঢাকা অফিস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০০২-এর ধারা ৭(ঝ)-এর ব্যত্যয় ঘটিয়ে জামুকা’র সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম ৯ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (৬ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামুকা’র ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের এদিন সকাল ১০টায় নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিংবা মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য এবং তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।