কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষায়, অপরাধ দমন, জঙ্গী ও ধর্মীয় উগ্রতা নিয়ন্ত্রণে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে তিনি দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। এরপর গত ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর হয়। সেই ঘটনায়ও মামলা হলে দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান।
এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়া জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ২১ ডিসেম্বর কুমারখালীতে কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বিশেষ অতিথির বক্তব্য দেন। দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুয়ায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। পুলিশ সুপারের মান সম্মান ক্ষুন্ন করতে তার মূল বক্তব্যের ভিডিও ও ছবি এডিটিং করে খণ্ডিতভাবে অজ্ঞাত আসামিরা সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ছড়িয়ে দেয়। একইসঙ্গে পুলিশ সুপারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকের এমন ১৭টি আইডি ও একটি ইউটিউব চ্যানেলের লিংক মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, এজাহারে বর্ণিত ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা কীভাবে চালাচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।











































