স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মুনসুর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালত থেকে ফেরার পথে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নগরীর বয়রা এলাকার প্রত্যাশা প্লাজার মার্কেট বিক্রির প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ রায় জানান, পৃথক দুটি ওয়ারেন্টভুক্ত আসামি কাজী মুনসুর আহমেদকে মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোড থেকে গ্রেফতার করা হয়। বিকাল সাড়ে চারটার দিকে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার কাজী মুনসুর আহমেদ নগরীর ৫৭, ইসলামপুর রোডের মৃত কাজী আহমেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, কাজী মুনসুর আহমেদের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা ও ৩৮ লাখ টাকার দুটি চেক ডিজ অনার মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জরা হয়।










































