Home আঞ্চলিক কেঁচো দিল আর্থিক নিশ্চয়তা

কেঁচো দিল আর্থিক নিশ্চয়তা

22

নিরাপদ খাদ্য উৎপাদনে কালীগঞ্জের শিক্ষার্থী শাকিল এক যোদ্ধা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ক্ষেতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার দিয়ে উৎপাদিত শাকসবজি খেয়ে মানুষ প্রতিনিয়ত নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও দিনদিন কমে যাচ্ছে জমির উর্বরা ক্ষমতা। সে ক্ষেত্রে জৈব সার ও জৈব বালাইনাশক দিয়ে উৎপাদিত শাক সবজি মানবদেহের সুস্থ রাখার জন্য সহায়ক। বর্তমান সরকার তাই রাসায়নিকের পাশাপাশি জৈব সার ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করছে। এ সার উৎপাদন ,বিক্রি ও ক্ষেতে ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে ঝিনাইদহ কালীগঞ্জের কৃষক কৃষাণীরা সারাদেশের মধ্যে আলোচিত। তাদের মধ্যে সাকিল হোসেনও নতুন প্রজন্মের এক জৈব যোদ্ধা। কৃষি বিভাগে লেখাপড়ার পাশাপাশি সে স্বকর্মস্থান সৃষ্টি করেছে। মেধাবী এই শিক্ষার্থী নিজেও বিশ্বাস করে জৈব সার জমিতে ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব। সে বিশ্বাস করে নিরাপদ খাদ্যের জন্য জৈব সার ও জৈব বালাইনাশকের বিকল্প নেই। এ থেকে নিজে গড়ে তুলেছে কেঁচো সারের কম্পোস্ট প্লান্ট। নারিকেলের ছোপড়া চূর্ণ করে তৈরী করছে অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন কোকো ডাষ্ট। আবার কেকোডাস্টের সাথে কম্পোস্ট সার, চুন, বেলে-দোআঁশ মাটি মিশিয়ে তৈরী করছে অধিক উর্বরাক্ষম রেডি মাটি। যা ডিজিটাল ছাদ বাগান সাকিল নামের আই.ডি থেকে অনলাইনে বিক্রি করছে। স্থানীয়রা ছাড়াও অনেক জেলা থেকেও অনলাইনে কিনছেন সাকিলের উৎপাদিত উর্বরাক্ষম এ সার। এখন সাকিলের সংসারের অভাব দুর হয়েছে। নিজের পড়াশুনার খরচও নিজের রোজগার থেকে দিতে পারছে। আলোচিত সাকিল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ঝিনাইদহ সরকারী কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র।

সরেজমিনে মঙ্গলবার বিকালে সাকিলের প্লান্টে গেলে দেখা যায়, সারি সারি তৈরী করা হয়েছে প্রায় ১০/১২ টি হাউজ। পাশেই বসানো রয়েছে প্রায় শতাধিক মাটির চাড়ি। এরমধ্যে দেয়া হয়েছে শুকনা লতাপাতা আর গোবর। সাথে সাথে ছেড়ে দেয়া হয়েছে লাল জাতীয় এক প্রকারের কেঁচো। যে কেচোগুলো এই পঁচা গোবর খাচ্ছে আর পায়খানা করছে। এই পায়খানা রোদে শুকিয়ে তৈরী করা হচ্ছে অধিক উর্বরাক্ষম কেঁচো সার। পাশেই নারিকেলের ছোপড় চূর্ণ করে এর সাথে পরিমান মত চুন, কেঁচো কম্পোস্ট সার ও বেলে দোআঁশ মাটি মিশিয়ে তৈরী করা হচ্ছে রেডি মাটি। যা অনলাইনে প্রতিকেজি কম্পোস্ট ১২ টাকা দরে এবং রেডি মাটি ১৬ টাকা দরে বিক্রি করছে সাকিল।

সাকিল জানান,মাঠে তাদের মাত্র ১৫ শতক চাষযোগ্য জমি আছে। এখান থেকে যে ফসল আসতো উৎপাদন ব্যয় বাদ দিলে আর কিছুই থাকতো না। ফলে সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। এক পর্যায়ে তার বাবা শহরে একটি চায়ের দোকান দেন। কিন্ত এখান থেকে যে পয়সা আসতো অভাব পিছু ছাড়তো না। অভাবে তার লেখাপড়াও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন থেকে তার মাথায় আসে এমন কিছু করবো যেখান থেকে বাবাকে আর্থিক ভাবে সাহায্য করতে পারবো। এ চিন্তা থেকেই আজ তার এ প্লান্ট তৈরী। সাকিল আরও জানায়, তানজিলা আক্তার তন্নি নামের তার আরেকটি বোন আছে। সে ঝিনাইদহ হেলথ অফ টেকনোলোজিতে(আই.এইচ.টি) লেখাপড়া করে।

সাকিল জানায়, কলেজ চলাকালীন থাকতে না পারায় প্রতিদিন ৩০০ টাকার চুক্তি ২ জন লোক রেখেছে। তাদের পয়সা দিয়েও লেখাপড়ার পাশাপাশি প্রতিমাসে যাবতীয় খরচ বাদে সে এখন ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করছে। যা দিয়ে চলছে তাদের ২ ভাই-বোনের লেখাপড়ার খরচ। আবার কিছু টাকা বাবাকে সংসারে দিয়ে সাহায্য করতে পারছে।

সাকিল হোসেন আরো জানায়, বর্তমানে প্রতি মাসে তার কমপক্ষে প্রায় ৩ হাজার কেজি সার উৎপাদন হচ্ছে। তার উৎপাদিত এ সার সে অনলাইন ( ফেসবুক গ্রুপের ) মাধ্যমে বিক্রি করছে। তার গ্রুপের নাম ডিজিটাল ছাদ বাগান ও সখের ছাদ বাগান গ্রুপ। ক্রেতারা এই গ্রুপের মাধ্যমে তার কাছে কম্পোষ্ট সারের অর্ডার দেন। এর পর তিনি ৫ কেজি কিংবা ১০ কেজির প্যাকেট তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের সরবরাহ করে থাকে।

মেরুদন্ডহীন প্রাণী কেঁচো আজ কলেজ পড়–য়া সাকিলের মেরুদন্ড সোজা করতে সহযোগিতা করছে। পড়াশোনার পাশাপাশি সাকিল কেঁচো আর কম্পোষ্ট সার উৎপাদন করে আজ নিজেই স্বাবলম্বী। কৃষি ইনস্টিটিউটে পড়াশোনার খরচ চালিয়ে পিতার সংসারে আর্থিক ভাবে সহযোগিতা করছে। এই কম্পোষ্ট সার বেশির ভাগই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ছাদ বাগানে। সে জানায় ছাদ কৃষিতে তার উৎপাদিত রেডি মাটি ও কোকোডাস্ট ব্যবহার কলে গাছে দ্রুত এবং অধিক শিকড় গজায়। যে কারনেই তার এগুলোর খুব চাহিদা।

ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উপসহকারী কৃষি প্রশিক্ষক আবু বকর জানান, সাকিল তার ছাত্র। সে খুব মেধাবী। সাকিলের ফার্ম বা প্লান্ট তৈরীতে ছাড়াও সব সময় পরামর্শ দিয়ে তাকে উৎসাহিত করে থাকেন তিনি।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ন কবির জানান,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিটের ছাত্র সাকিলের উদ্যোগ দেখে কৃষি অফিস তাকে বড় ধরনের উদ্যোক্তা সৃষ্টির জন্য একটি প্রদর্শনী প্লট তৈরি করে দিয়েছে। তিনি আরো জানান, শাকিলের মতো অন্য শিক্ষার্থীরাও যদি এভাবে এগিয়ে আসতো তাহলে এদেশটা হতো নিরাপদ খাদ্যের লিলাভূমি।