স্টাফ রিপোর্টার
শহর ঢাকার গুরুত্বপূর্ণ সব রাস্তার ধারে ডিজিটাল ঘড়ি। এক মুহূর্তের জন্যও থেমে নেই। মুজিববর্ষের ক্ষণগণনা করে চলেছে। বিশেষ এ ঘড়ি জানাচ্ছে, বঙ্গবন্ধুর শততম জন্মদিনের জন্য আর মোটে ৩৫ দিনের অপেক্ষা।
আগামী ১৭ মার্চ জাতির পিতার শততম জন্মদিন। এ দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক উদযাপন। তারও আগে থেকে চলছে প্রস্তুতি। অজস্র পরিকল্পনা গ্রহণ করা হলেও, কিছু একেবারেই আলাদা বলে প্রতীয়মান হচ্ছে। তেমনই একটি অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনা। শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এ ধরনের চলচ্চিত্রের জন্য আলাদা খ্যাতি আছে তার। এ কারণেই তাকে বেছে নিয়েছে সরকার। প্রাথমিক কাজের গুরুত্বপূর্ণ অংশ ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই। এ কাজেই তিনি এখন ব্যস্ত বলে জানা গেছে। কিছুটা নীরবেই কাজ হচ্ছে। নানা সূত্রের খবরÑ মুজিববর্ষের মধ্যেই ছবির কাজ শেষ করতে চান পরিচালক। সে লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। অভিনেতা অভিনেত্রী নির্বাচনের কাজটি দ্রুত সারার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু এরই মাঝে বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে বলে রবিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন চলচ্চিত্র সম্পর্কে কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং অসত্য সংবাদ প্রকাশিত হচ্ছে। চলচ্চিত্রটির পরিচালক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, যখনই কলাকুশলী ও প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম চূড়ান্ত করবেন, তখনই চলচ্চিত্রটির যৌথ প্রযোজক বিএফডিসি ও এনএফডিসি তা প্রচার করবে।
তথ্য বিবরণীতে বলা হয়, বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে গণমাধ্যমের উৎসাহকে সরকার সবসময় সমর্থন দিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে বিভিন্ন অননুমোদিত উৎস থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ভিত্তিহীন তথ্য ছাড়ানো হচ্ছে। এ বিষয়ে যে কোন তথ্যের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেয়া হয়েছে তথ্য বিবরণীতে।











































