স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর খুলনা মহানগরী ও জেলায় স্থাপিত ভাস্কর্য, ম্যুরাল ও স্মারক স্থাপনা সুরক্ষায় তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। সে ধারাবাহিকতায় খুলনার ২৯টি ভাস্কর্য রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীতে ১৭টি ও নয়টি উপজেলায় ১২টি নির্মিত ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সুরক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ভোর থেকে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেসক্লাব, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, খুলনা জেলা পরিষদসহ মহানগরীর ১৭টি স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ম্যুরাল ও স্মারক স্থাপনায় নিরবিচ্ছন্নভাবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সব স্পর্শকাতর এলাকায় পুলিশ মোতায়েন, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা পুলিশ একত্রে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
খুলনার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ্ বলেছেন, খুলনার নয় উপজেলায় ৯টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কয়রা, দাকোপ ও রূপসায় তিনটি ভাস্কর্য নিয়ে ১২টি স্থানে জাতির জনকের ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি রয়েছে। এ সব স্থানে পুলিশ, সাদা পোশাকে ও গোয়েন্দা পুলিশের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে টীম গঠন করা হয়েছে। এ সব টীম পর্যায়ক্রমে নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া জেলা পুলিশ ওই সব টীমে সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি রক্ষায় স্থানের গুরুত্ব বুঝে এসব স্থাপনার নিরাপত্তায় তিন থেকে পাঁচজন পোশাকধারী পুলিশ সদস্য রয়েছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জাতির পিতার ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে । পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।











































