Home জাতীয় দেশে হঠাৎ উত্তাপ: ভাস্কর্য ইস্যুতে উত্তেজনা বাড়ছে

দেশে হঠাৎ উত্তাপ: ভাস্কর্য ইস্যুতে উত্তেজনা বাড়ছে

32

বিশেষ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ কেন্দ্র করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের হঠাৎ বিরোধিতায় দেশে উত্তাপ সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানামুখি তর্কবিতর্কের মধ্যেই গত শুক্রবার রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর আরেকটি ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকার ও ক্ষমতাসীন দল এতদিন নমনীয় ভাব দেখালেও কুষ্টিয়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে। দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রবিবার দিনভর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। জাতির পিতার ভাস্কর্য ভাংচুরে মদদদাতাসহ জড়িতদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের পেটানোর হুমকি দিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীরাও বিক্ষোভ করেছেন।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের দুজন মাদ্রাসার শিক্ষক ও দুজন মাদ্রাসার ছাত্র। পুলিশ বলছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে দুই মাদ্রাসাছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে উদ্দেশ্যমূলকভাবে ভাস্কর্য নিয়ে বিরোধ ও বিতর্ক তৈরি করা হয়েছে। এর পেছনে নিশ্চয় রাজনৈতিক দুরভিসন্ধি আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও স্থানীয় এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে এটিকে গভীর চক্রান্তের, নীলনকশার অংশ বলে দাবি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ মনে করেন, তারা অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ধারণার ভুল।

রাজধানীসহ দেশের নানা স্থানে ও প্রতিষ্ঠানে বহু বছর ধরে বিভিন্ন ধরনের অসংখ্য ভাস্কর্য থাকলেও সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর একটি সুউচ্চ ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় নামেন হেফাজত নেতারা। এই ভাস্কর্যটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। এটি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারকে তারা সরে আসতে বললেও এই আহ্বানে সাড়া দেওয়া হবে না বলে সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে। দাবিটি মানলে উগ্রপন্থিদের প্রশ্রয় দেওয়া হবে মনে করছেন অনেকে।

এক্ষেত্রে বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও ভাস্কর্য ইস্যুটিকে ‘স্পর্শকাতর ও রাজনৈতিক’ হিসেবে মনে করছে। গত শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের নীতিনির্ধারকেরা সব মানুষের ধর্মীয় অনুভূতির পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ইস্যুটি নিরপেক্ষ অবস্থানে থেকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়। তবে সরকারের মন্ত্রী ও নেতাদের অনেকে এর সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা দেখছেন।

হেফাজতে ইসলামী ও চরমোনাইসহ ধর্মভিত্তিক দলগুলো গত শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর দুদিন আগেই ঢাকা শহরে কোন ধরনের রাজনৈতিক ও সামাজিক সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতির দরকার হবে বলে জানানো হয়। এর আগে চট্টগ্রামে ভাস্কর্যবিরোধী সমাবেশে বাধার মুখে পড়ে যেতে পারেননি হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এর পর মামুনুল হক গণমাধ্যমে বলেন, তারা যেকোনো ভাস্কর্য নির্মাণের বিরোধী, সেটি যার-ই হোক না কেন।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক হিসেবে পরিচিত গ্রীক দেবী থেমিসের একটি ভাস্কর্য হেফাজতে ইসলামের আন্দোলনের পর স্থানান্তর করা হয়। সরিয়ে ফেলা হয় ঢাকায় বিমানবন্দর এবং জিপিওর সামনের ভাস্কর্যও। গত মাসের শেষের দিক থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যটিকে ঘিরে হঠাৎ করে আবারও ভাস্কর্যবিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে।

জেলায় জেলায় বিক্ষোভ

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গতকাল সারাদেশে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকায়সহ সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তিনি বাংলাদেশের অস্তিত্ব। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। তাই আর কোনো অপেক্ষায় নয়, মৌলবাদীদের শিকড় উপড়ে ফেলতে হবে। যেখানেই মৌলবাদী-জঙ্গিবাদীদের অপচেষ্টা হবে, সেখানেই প্রতিশোধ নেওয়া হবে।

গতকাল বিকাল ও সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, যুব মহিলা লীগ। পরে প্রতিটি সংগঠন আলাদা মিছিল নিয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ৬৫টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল হয়।

প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

গতকাল সকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।

সমাবেশ থেকে কোনো ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা হলে তা প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগ। এ জন্য প্রতিটি পাড়া মহল্লায় নজর রাখবে সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় সংগঠনের নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, তাদের আর এক চুলও ছাড় দেবেন না। সারা দেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, যেখানে তারা টাকার বিনিময়ে ওয়াজে গিয়ে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, আপনারাও ওয়াজ মাহফিলে তাদের প্রতিহত করবেন।

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরে মদদদাতাসহ জড়িতদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের পেটানোর হুমকি দিয়ে তিনি বলেন, জাতির পিতাকে নিয়ে ওরা যে ধৃষ্টতা দেখিয়েছে, আর এক চুলও ছাড় নয়। ওরা আমাদের কলিজায় হাত দিয়েছে। ওদের যেখানেই পাবেন, সেখানে গণধোলাই দেবেন।

ভাস্কর্যবিরোধীদের উদ্দেশে নাহিয়ান বলেন, তোদেরকে আর আপনি করে বলার সুযোগ নেই। তোদেরকে শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট। তোরা আমাদের ক্ষ্যাপায় তুলছিস। আমরা সব সময় শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাসী। কিন্তু তোদের মতো কুলাঙ্গারদের জন্য আমাদের অনেকে বেয়াদব বলে। তোদের মতো কুলাঙ্গারদের শায়েস্তা করতে যদি আমাদের বেয়াদব হতে হয়, সেই বেয়াদব আমরা হতে চাই।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, দেশে তাদের ঠাঁই হয়নি। গোলাম আযম দেশে ফিরে বড় নেতা হলেও পরিণতি ভালো হয়নি। পাকিস্তানের সেই দোসররা আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলে নাই হয়ে গেছে। আপনারাও সাবধান হয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ওরা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা আমাদের কলিজায় হাত দিয়েছেন, আপনাদের কলিজা ছিঁড়ে শুকুন দিয়ে খাওয়াব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে, কালকে তারা বলবে রাজু ভাস্কর্য থাকবে না, শহীদ মিনার থাকবে না, সেখানে ফুল দেওয়া দেওয়া হারাম।

জনমত গড়ার সুপারিশ সংসদীয় কমিটির

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিপক্ষে জনমত গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটি এ ঘটনায় ইন্ধনদাতা ও দোষীদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভাস্কর্যকে ইস্যু করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সব চক্রান্ত প্রতিহত করার সুপারিশ জানিয়ে সংসদীয় কমিটি বলছে, যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে হবে।