লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় বিল্লাল বিশ্বাস (৫৫) নামের এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুমড়ি গ্রামের একটি বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় কালু বোড়া নামের একজনকে আটক করা হয়েছে।
নিহত বিল্লাল উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের ছেলে। তিনি ট্রাকচালক ছিলেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস ছয় মাস আগে পাশের কুমড়ি গ্রামের সুদ-দাদন ব্যবসায়ী বাবু খানের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং এক বছর আগে একই গ্রামের কালু বোড়ার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। এরই মধ্যে বিল্লাল ওই ঋণের টাকার সুদ বাবদ বাবু খানকে দেড় লাখ ও কালু বোড়াকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাবু ও কালু আসল টাকার জন্য বিল্লালকে চাপ দিতে থাকে। গত বুধবার রাতে তারাসহ ৮-১০ জন বিল্লালের বাড়ি গিয়ে বৃহস্পতিবার সকালে টাকা দেওয়ার জন্য বলে; অন্যথায় হত্যার হুমকি দিয়ে চলে যায়। তবে বিল্লাল টাকা দিতে পারেননি। সকালে সুদের কারবারি বাবু খান এবং তার দুই ছেলে রুবেল ও রানা দীঘলিয়া বাজার এলাকা থেকে বিল্লালকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে আটকে রাখে। সেখানে টাকার জন্য তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হলে তিনি মারা যান। দুই ঘণ্টা পর বাবুর দুই ছেলে ভ্যানে করে বিল্লালের বাড়িতে রেখে পালিয়ে যায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যায় জড়িত সন্দেহে কালু বোড়াকে আটক করা হয়েছে।











































