১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়নি তনুশ্রী
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের এএসআই অমিত কুমার মন্ডলের ৪ বছরের শিশুপুত্র অনুভব মন্ডল যশকে হত্যায় মা তনুশ্রী মহালদারকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি তদন্ত উজ্জল কুমার দত্ত আসামিকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বিশ্বাস তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। তনুশ্রী মহালদার ঢাকার বাড্ডা থানায় কর্মরত গ্রামের এএসআই অমিত কুমার মন্ডলের স্ত্রী ও নিহত যশের মা। মঙ্গলবার এ মামলার অপর আসামি নিহতের কাকা অনুপ কুমার মন্ডল (৪০)কে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার বিবরণে জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের নিমাই মলের ছেলে
অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। সাথে থাকেন স্ত্রী তনুশ্রী মহালদার ও একমাত্র পুত্র সন্তান অনুভব মন্ডল যশ (৪)। গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র যশ ফুলতলা গ্রামে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে নিজ রুমে যশকে নিয়ে ঘুমিয়ে পড়ে তনুশ্রী। রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে বাহিরে যায় এবং যশকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল ১০টার দিকে শাশুড়ি ডাক দিলে পরে উঠবে বলে জানায় তনুশ্রী। সাড়ে ১০টার দিকে তনুশ্রীর মা জোনাকি মহলদার রুমে ডুকে যশকে কোলে নিতে গিয়ে মৃত দেখতে পায়। এঘটনায় নিহতের পিতা এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে একমাত্র ভাই অনুপ মন্ডলের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১।
পুলিশ সদস্য অমিত কুমার মন্ডল জানিয়েছেন, ২০১৫ সালে তার স্ত্রী তনুশ্রীর সাথে ভাই অনুপ মন্ডলের অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তিনি স্ত্রীকে নিয়ে কর্মস্থলের পাশে বাড়া ভাড়া নিয়ে বসবাস করতেন। সেই সম্পর্কের জেরধরে শিশু যশকে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরআগেও হত্যার চেষ্টাও করেছিল বলে অভিযোগ করেন তিনি।










































