Home জাতীয় আইসিইউ বেড যেন ‘সোনার হরিণ’

আইসিইউ বেড যেন ‘সোনার হরিণ’

9

ঢাকা অফিস

মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। কোনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একটা শয্যা মিলছে না। বিশেষ করে অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের আইসিইউ বেডে রোগীর ভিড় বেশি। সরকারি হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা না থাকায় রোগীর জীবন বাঁচাতে নিরূপায় হয়ে বেসরকারি হাসপাতালে ছুটছেন স্বজনরা।

এ পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর জন্য একটা আইসিইউ বেড যেন ‘সোনার হরিণ’। রাজধানীতে করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আইসিইউ বেড ক্রমেই দুর্লভ হয়ে উঠেছে। ছোটাছুটি করে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা গেলেও গুনতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা। হাসপাতালভেদে প্রতিদিন কমপক্ষে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা গুনতে হচ্ছে রোগীর স্বজনদের। যেকোনো মুহূর্তে লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে, এই মর্মে রোগীর স্বজনদের কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আইসিইউ বেড সংখ্যা ৩২৬টি। মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত ২২৬টি বেড, অর্থাৎ ৭৫ শতাংশ বেডে রোগী ভর্তি আছে। সরকারি হাসপাতালগুলোর মধ্যে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১৬টি, ৫০০ শয্যা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ইউনিট ২) ও বার্ন ইউনিটে ২৪টি, ৫৯০ শয্যা মুগদা হাসপাতালের ১০টিসহ মোট আইসিইউ বেড সংখ্যা ৬০টি। এগুলোর মধ্যে ঢামেক হাসপাতালের একটি ছাড়া ৫৯টি আইসিইউ বেডে রোগী ভর্তি রয়েছে।